সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: অভিযোগ করার পর ছয় মাস কেটে গেলেও ওভারব্রিজের সব ফাটল মেরামত না করায় ক্ষুব্ধ জেলা পরিষদের সদস্য। দেওয়ালের চাঙর খসে ঘটতে পারে দুর্ঘটনা বলে আশঙ্কা করছেন গাড়ি চালক থেকে শুরু করে পথচারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যানজট এড়াতে হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে তুলসীহাটা-ভবানীপুরে এক কিলোমিটার ৩৭০ মিটার দীর্ঘ ওভারব্রিজ নির্মাণ হয়েছে। কাজ সমাপ্ত হলেও সেটির উদ্বোধন হয়নি। ইতিমধ্যে ওভারব্রিজের দেওয়ালে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। ছয় মাস আগে কংগ্রেসের জেলা পরিষদের সদস্য চুমকি দাস মালদহ হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ও জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, কিছু ফাটল বালি ও সিমেন্ট দিয়ে মেরামত করা হলেও এখনও বহু জায়গা বাকি রয়েছে। ওভারব্রিজটি চালু হলে পরবর্তী সময়ে ঘটতে পারে দুর্ঘটনা। অভিযোগকারী চুমকি বলেন, এটি বাংলা-বিহার সংযোগকারী ওভারব্রিজ। দু’ধারে সার্ভিস রোড রয়েছে। ওভারব্রিজের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। ফাটল মেরামতের দাবিতে অভিযোগ করেছিলাম। ছয় মাস কেটে গিয়েছে। এখনও পর্যন্ত সব মেরামত করা হয়নি।
Advertisement
টোটো চালক মহম্মদ নুরাজ বলেন, ওভারব্রিজের নীচে সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতে হয়। ওভারব্রিজটি নির্মাণের শুরু থেকেই ফাটল দেখে আসছি। যাতায়াত করতে ভয় লাগছে। স্কুল শিক্ষক মকেতুল ইসলামের কথায়, এই ওভারব্রিজের সার্ভিস রোড দিয়ে স্কুল-কলেজে পড়তে যায় ছাত্রছাত্রীরা। ফাটল মেরামত না করলে পরবর্তীতে দুর্ঘটনা ঘটতে পারে। মালদহ হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুন্ডু বলেন, বহু ফাটল মেরামত করা হয়েছে। এখনও মেরামতের কাজ চলছে। বিশেষজ্ঞরা ফিট সার্টিফিকেট দিলে তারপর ব্রিজের উদ্বোধন হবে।
ওভারব্রিজে ফাটল।-নিজস্ব চিত্র



