Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তিলপাড়া, বক্রেশ্বর, নীল নির্জনের সৌন্দর্যায়নের দাবি

তিলপাড়া, বক্রেশ্বর, নীল নির্জনের সৌন্দর্যায়নের দাবি
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: সিউড়ির তিলপাড়া ব্যারেজ, বক্রেশ্বর সতীপীঠ ও নীল নির্জন ড্যামে বিনোদন পার্ক তৈরির দাবি তুলেছেন এলাকাবাসীরা। ইতিপূর্বে এই নীল নির্জন ড্যামে একটি পার্ক তৈরির পরিকল্পনা করেছিল দুবরাজপুর ব্লক প্রশাসন। কিন্তু সেই কাজ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের কিছু জমি ও টেকনিক্যাল বিষয় সংক্রান্ত অনুমোদনের অপেক্ষায় থমকে রয়েছে। সিউড়ির কাছাকাছি বিনোদনের একমাত্র জায়গা এই তিলপাড়া ব্যারেজ। তাই ব্যারেজ সংলগ্ন এলাকায় বিনোদন ও পর্যটনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও সরব হয়েছেন শহরের বাসিন্দারা। 
Advertisement
এদিকে বীরভূমের বক্রেশ্বর সতীপীঠেও একটি বিনোদন পার্ক তৈরির দাবি রয়েছে স্থানীয় মানুষের। সেখানকার বাসিন্দাদের একাংশের দাবি, বক্রেশ্বর সতীপীঠে সারাবছর লক্ষ লক্ষ মানুষ আসেন। মন্দির সংলগ্ন উষ্ণ প্রস্রবনে স্নানের পাশাপাশি মন্দিরে পুজো দেন তাঁরা। পর্যটকদের সুবিধার্থে এই এলাকায় একটি বিনোদন পার্ক গড়ে তোলা দরকার। দুবরাজপুরের নীল নির্জন ড্যামটি বক্রেশ্বর নদীর সঙ্গে সংযুক্ত একটি জলাধার। এই ড্যামটি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনে। এই ড্যাম সংলগ্ন বিস্তীর্ণ এলাকাও রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনে। ড্যামের পাশেই বিস্তীর্ণ ফাঁকা এলাকায় প্রতি বছর শীতের মরশুমে তো বটেই, তাছাড়াও সারা বছর হাজার হাজার মানুষ আসেন বেড়াতে। তাঁদের কথা ভেবে এখানে একটি উন্নত মানের আধুনিক সুবিধা যুক্ত পার্ক করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই পার্ক নির্মাণের জন্য  বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনের প্রয়োজন। বিষয়টি পর্যটন দপ্তরকেও জানানো হয়েছে। অনুমোদন মিললে আগামী দিনে সেখানে একটি বিনোদন পার্ক তৈরি সম্ভাবনা রয়েছে। পর্যটকদের আকর্ষণ বাড়বে। বিডিও রাজা আদক বলেন, নীল নির্জনে একটি আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত বিনোদন পার্ক করার প্রস্তুতি চলছে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিষয়টি ট্যুরিজম ডিপার্টমেন্টকেও জানানো হয়েছে। অন্যদিকে সিউড়ি তিলপাড়া ব্যারেজে শীতের মরশুমে বহু মানুষ পিকনিক করতে যান। তাছাড়াও সারা বছর এই তিলপাড়া ব্যারেজ সিউড়ির বাসিন্দাদের ভ্রমণ এবং বিনোদনের অন্যতম একটি জায়গা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ