Bartaman Logo
২৭ মে, ২০২৬

তেলেঙ্গানায় পুলিসের গুলিতে নিহত মাওবাদী নেতা সহ সাত, উদ্ধার প্রচুর অস্ত্র

তেলেঙ্গানায় পুলিসের গুলিতে নিহত মাওবাদী নেতা সহ সাত, উদ্ধার প্রচুর অস্ত্র
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
হায়দরাবাদ, ০১ ডিসেম্বর: আজ, রবিবার তেলেঙ্গানার মুলুগু জেলায় পুলিসের গুলিতে মৃত্যু হল সাত জন মাওবাদীর। এর মধ্যে রয়েছেন একজন নেতা। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। এক সপ্তাহ আগে এই এলাকাতেই পুলিসের চর সন্দেহে দুই আদিবাসী যুবককে খুন করেন মাওবাদীরা। ওই ঘটনার পর রবিবার প্রথম এই অভিযান চালাল পুলিস।
Advertisement
পুলিস সূত্রে খবর, তেলেঙ্গানার চলপকা বনে ভোর সাড়ে পাঁচটা নাগাদ মাওবাদী এবং পুলিসের বিশেষ বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। অভিযানে মৃত্যু হয় এক মাওবাদী নেতা সহ সাত জনের। নিহত মাওবাদী নেতার নাম বাহাদুর ওরফে কুরসম মঙ্গু ওরফে পপন্না (৩৫)। তিনি ইয়েলান্দু-নসরমপেট এলাকার অন্যতম পরিচিত নেতা ছিলেন। বাকি ছ’জনের নাম ইগলপু মাল্লাইয়া (৪৩), মুসাকি দেভাল (২২), মুসাকি যমুনা (২৩), জয় সিং (২৫), কিশোর (২২), কমেশ (২৩)।
প্রসঙ্গত, মুলুগু জেলায় এমনিতেই মাওবাদীদের আধিপত্যের কারণে উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন। গত ২১ নভেম্বর এই এলাকাতেই পুলিসের চর সন্দেহে দু’জন আদিবাসীকে যুবককে খুন করেন মাওবাদীরা। মৃতদের নাম উইকা রমেশ এবং উইকা অর্জুন। তাঁদের দেহের পাশ থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিস। চিঠিতে মাওবাদীরা স্পষ্ট জানিয়েছিলেন, তাঁরাই দুই যুবককে খুন করেছেন। কারণ, তাঁদের সন্দেহ ছিল ওই দুই যুবক তাঁদের গোপন খবর লুকিয়ে তদন্তকারীদের পাঠাচ্ছিলেন। ওই ঘটনার এক সপ্তাহ পরই অভিযান চালিয়ে সাত জন মাওবাদীকে শেষ করল পুলিস।
সম্পর্কিত সংবাদ