হায়দরাবাদ, ৭ ডিসেম্বর: তেলেঙ্গানায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে গিয়ে পড়ল গাড়ি। মৃত্যু হল ৫ জনের। গুরুতর জখম আরও একজন। আজ, শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ইয়াদাদ্রি ভুবনগিরির ভুদান পোচাম্পাল্লির জালালপুর এলাকায়। পুলিস সূত্রে খবর ওই গাড়িটি হায়দরাবাদ থেকে পোচাম্পাল্লির দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এরপর সেটি সড়ক সংলগ্ন একটি জলাশয়ে গিয়ে পড়ে। এলাকাবাসীরা তড়িঘড়ি পুলিসে খবর দেন। তাঁরা এসে গাড়িটি জলাশয়ে থেকে তোলার ব্যবস্থা করেন। ততক্ষণে গাড়ির মধ্যে জল ঢুকে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। ওই গাড়িটি থেকে উদ্ধার করা হয় পাঁচজনের দেহ। একজন কোনও রকমে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভুবনগিরির হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতেরা হলেন হর্ষ, দীনেশ, ভামিস, বালু এবং বিনয়। তাঁদের প্রত্যেকেরই বয়স ২১ বছরের মধ্যে। অন্যদিকে, মণীকণ্ঠ নামের এক যুবককে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হতাহতরা আরটিসি কলোনি এবং এলবি নগর এলাকার বাসিন্দা। তবে দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিসের অনুমান চালক মদ্যপ অবস্থায় ছিলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।



