নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিলজলা থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। তার জেরে গুরুতর জখম হলেন গৃহকর্ত্রী। তাঁর নাম নন্দরানি দে। পিকনিক গার্ডের রোডের বাসিন্দা তিনি। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রৌঢ়ার দেহের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ জমা দিয়েছেন আহতের মেয়ে পিঙ্কি চৌধুরী। তাঁর অভিযোগ, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা দুর্ঘটনাবশত ঘটেনি। এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলে তাঁর দাবি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে তিলজলা থানার পুলিস।
Advertisement
পুলিস সূত্রে খবর, সকাল ৯টা নাগাদ বিস্ফোরণ ঘটে পিকনিক গার্ডেন রোডে। গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যায়। উড়ে যায় বাড়ির টালির চাল। ঝলসে যান বাড়িতে থাকা একাকী প্রৌঢ়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মেয়ে পিঙ্কি। তিনি চন্দ্রনাথ রায় রোডে থাকেন। প্রৌঢ়ার মেয়ের দাবি, মাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর বাড়িতে যাই। রাতে বাড়ি ফিরে দেখি, মা যে ওভেনে রান্না করতেন, তা অক্ষত। তার উপর বসানো রয়েছে কড়াই। শুধু তাই নয়, গ্যাসের সিলিন্ডারটিও একই জায়গায় রয়েছে। তা থেকে কোনওভাবেই গ্যাস লিক করেনি। পিঙ্কির অভিযোগ, স্থানীয় বাসিন্দারা আমাকে জানান, রান্না করতে গিয়ে মা অগ্নিদগ্ধ হয়েছেন। কিন্তু, গ্যাসের সিলিন্ডার অক্ষত থাকলে কীভাবে বাড়ির চাল উড়ে গেল? তা থেকেই যুবতীর সন্দেহ, এই ঘটনা নিছকই অসতর্কতার জন্য ঘটেনি। নেপথ্যে রয়েছে কেউ বা কারা। গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য পুলিসকে লিখিতভাবে জানিয়েছেন অভিযোগকারিণী।



