সংবাদদাতা, বসিরহাট: তোলার টাকা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ বাজারের। সেখানকার ব্যবসায়ীদের অভিযোগ, উপযুক্ত তোলা না দিলে দোকানে তালা ঝুলিয়ে দিচ্ছে এলাকার বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এনিয়ে তদন্ত করছে পুলিস। অভিযোগ, যোগেশগঞ্জ বাজারের ব্যবসায়ীদের একাংশের থেকে জোর করে তোলা আদায় শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু চাহিদা মতো তোলা না দেওয়ায় দোকান বন্ধের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। উপযুক্ত তোলা না দেওয়ায় এলাকার তৃণমূল নেতা বাবু হালদার ও তাঁর অনুগামীরা চৈতা ঘোষ নামে একজনের দোকান বন্ধও করে দিয়েছে বলে অভিযোগ। বাবু হালদারের অবশ্য দাবি, কোনও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এবিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই। ঠিক কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি।



