নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবনির্মিত টালা ব্রিজে বাস স্টপ তৈরির দাবিতে ধর্না-বিক্ষোভ উত্তর কলকাতা জেলা কংগ্রেসের। রবিবার টালা ব্রিজের নীচে চার নম্বর কৃপানাথ দত্ত রোডে সারাদিন ব্যাপী ধর্নার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। তাঁরা বলেন, ভোট চাইতে আসিনি। মানুষের পাশে দাঁড়াতে এসেছি। উত্তর কলকাতার টালা ব্রিজ নতুনভাবে তৈরি হয়েছে সবাই জানেন। কিন্তু উত্তর কলকাতার ঘোষ বাগান, কৃপানাথ দত্ত রোড সহ বিস্তীর্ণ অঞ্চলের লক্ষ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। ব্রিজের উপর কোনও বাস স্টপ নেই। সমস্যা সমাধানের দাবিতেই এই অবস্থান বিক্ষোভ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরী, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ, সুমন রায়চৌধুরী প্রমুখ।



