Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

টোকেন নিয়ে ডাক্তার দেখানো যাবে এইমসে

টোকেন নিয়ে ডাক্তার দেখানো যাবে এইমসে
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: এইমসে ডাক্তার দেখানোর জন্য অনলাইনে নাম বুকিং করতে গিয়ে ভোগান্তির অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (এইমস)-এ অনেক সময় হাজার চেষ্টা করেও অনলাইনে নাম বুকিং করা বা সময় পাওয়া সম্ভব হচ্ছিল না। পাশাপাশি গ্রামাঞ্চলের সাধারণ মানুষের পক্ষেও সবসময় অনলাইন পদ্ধতি ব্যবহার করে বুকিং করা কঠিন হয়ে পড়ছিল। শুধু তাই নয়, অভিযোগ উঠেছিল বিজেপির সাংসদ, বিধায়ক বা নেতৃত্বের কাছেই থেকেছে এইমসে রোগী দেখানোর একটা বড় সংখ্যার কোটা। এনিয়ে বিস্তর অভিযোগ জানানোর পর দেরিতে হলেও কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। 
Advertisement
ওই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের দশটি বিভাগে আপাতত পরীক্ষামূলকভাবে সরাসরি পৌঁছে টিকিট বা টোকেন সংগ্রহ করার সুযোগ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এই নিয়ম। এইমস সূত্রে জানা গিয়েছে, শিশু, চোখ, দাঁত, সার্জারি, অস্থি, প্লাস্টিক সার্জারি, নাক কান গলা, স্ত্রী ও প্রসূতি, হৃদরোগ এবং মনোরোগ—এই ১০টি বিভাগে আপাতত সকাল ৮-১০টার মধ্যে পৌঁছে টোকেন নিতে হবে। ডাক্তার দেখানোর জন্য তার ভিত্তিতেই সরাসরি রেজিস্ট্রেশন করা যাচ্ছে। তবে নতুন এই নিয়ম এখনও পর্যাপ্ত প্রচার পায়নি। কর্তৃপক্ষের আশা, এই নিয়ম সম্পূর্ণ চালু হয়ে গেলে সাধারণ মানুষ উপকৃত হবেন। বর্তমানে এইমসে ৩৯টি বিভাগ চালু রয়েছে। এইমস সূত্রের খবর, বহির্বিভাগে দৈনিক প্রায় আড়াই থেকে তিন হাজার রোগী হয়। দুটি মোবাইল নম্বরের যেকোনও একটিতে সকাল ৯টা থেকে ১১টার মধ্যে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাইতে হয়। তা ‘কনফার্ম’ হলে এইমস থেকে রোগীর মোবাইলে অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানানো হয়। এছাড়া হাসপাতালের নিজস্ব অ্যাপ থেকেও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। রোগীদের একাংশের অভিযোগ, এই দুই ক্ষেত্রেই সহজে বুকিং পাওয়া যায় না। এইমসে ডাক্তার দেখানোর জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এবার সরাসরি হাসপাতালে পৌঁছে টোকেন সংগ্রহ করে ডাক্তার দেখানোর এই নিয়ম চালু হওয়ায় উপকৃত হবেন সাধারণ মানুষ। 
এই বিষয়ে এইমসের মুখপাত্র চিকিৎসক সুকান্ত সরকার বলেন, আপাতত পরীক্ষামূলকভাবেই দশটি বিভাগে সরাসরি টিকিট সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ম চালু হবে ধীরে ধীরে সব বিভাগেই।
সম্পর্কিত সংবাদ