পুনে: তখন সবে সন্ধ্যা। পুনের বিপিও সংস্থার পার্কিং লট ভিড়ে ঠাসা। হঠাৎ করেই আর্তনাদ। ছুরি হাতে এক মহিলাকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে যুবক। চারদিকে ভিড় জমে যায়। অথচ কেউই মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেননি। ধীরে ধীরে একটা সময়ে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন মহিলা। হাতের ছুরি দূরে ছুড়ে ফেলে দেয় যুবক। তখন প্রত্যক্ষদর্শীরা ওই যুবককে ধরে ফেলে। তারপর মারধর করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। রক্তাক্ত ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ধারের টাকা ফেরত না দেওয়ার জন্যই ওই মহিলাকে খুন করা হয়েছে। অভিযুক্তর নাম কৃষ্ণা কানোজা। গত কয়েক মাস ধরেই সহকর্মী সুভাদা কাদারে বাবার অসুস্থতার কথা বলে তাঁর কাছ থেকে কয়েকবার টাকা ধার করেন। কিন্তু পরে টাকা ফেরানোর কথা বললে গা করেননি সুভাদা। সম্প্রতি কৃষ্ণার সন্দেহ হওয়ায় কৃষ্ণা সহকর্মীর বাড়িতে যায়। সেখানে গিয়ে সে দেখে, সুভাদার বাবা পুরোপুরি সুস্থ। এরপর রাগের বশেই এই কাণ্ড ঘটায় কৃষ্ণা।



