Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তেহট্টের গ্রাম থেকে সজনে ফুল শহরে পাঠিয়ে স্বনির্ভর যুবকরা

তেহট্টের গ্রাম থেকে সজনে ফুল শহরে পাঠিয়ে স্বনির্ভর যুবকরা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: গ্রামে গ্রামে ঘুরে সজনে ফুল সংগ্রহ করে শহরে চালান করে স্বনির্ভর হচ্ছেন যুবকরা। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ ছেড়ে তাঁরা এই পেশায় এসেছেন। তেহট্ট, পলাশীপাড়ায় এমনই বেশ কিছু সজনে ফুল সংগ্রহকারী দল রয়েছে। সজনে ফুল কলকাতা সহ ভিনরাজ্যেও পাঠানো হয়।
Advertisement
এদিন তেহট্টের জিৎপুরে যুবকদের একটি দলকে এই ফুল সংগ্রহ করতে দেখা গেল। সজনে গাছে উঠে ফুল সংগ্রহ করা খুব কঠিন। কারণ এই গাছের ডাল খুব নরম হয়। গাছে উঠে ডাল কেটে নীচে নামানো ঝুঁকিপূর্ণ কাজ। একটু এদিক-ওদিক হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
পলাশীপাড়া থানার চকবিহারী গ্রামের ফুল সংগ্রহকারী গোপাল মণ্ডল, বনফুল দাস, জিতেন দাস, সাধন হাজরা সজনে ফুল সংগ্রহ করেন। তাঁরা জানালেন, গাছে ফুল ধরা শুরু হতেই গ্রামে ঘুরে ঘুরে প্রতিটি সজনে গাছের ফুল ৫০০ থেকে একহাজার টাকায় কিনে নেন। এরপর ফুল ফুটতে শুরু করলেই সেই ফুল গাছ থেকে পেড়ে বাজারজাত করেন।
ফুল সংগ্রহকারী সাধন হাজরা বলেন, গ্রামে ঘুরে প্রাণের ঝুঁকি নিয়ে গাছে ওঠে আমাদের ফুল সংগ্রহ করতে হয়। গাছ খুব নরম হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিপদ জানা সত্ত্বেও ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে না গিয়ে বাড়িতে থেকে রোজগারের এই পথ বেছে নিয়েছি। একাজে একটু ঝুঁকি থাকলেও ভিনরাজ্যে কাজে যাওয়ার চাইতে ঢের ভালো। এই এলাকায় আমাদের মতো সজনে ফুল সংগ্রহের বেশ কয়েকটি দল রয়েছে।
সজনে ফুল গাছ থেকে পাড়ার পর যাতে নষ্ট না হয়, সেইভাবে প্যাকেজিং করে কলকাতার বিভিন্ন বাজারে পাঠানো হয়। সেইসঙ্গে ভিনরাজ্যেও সজনে ফুল চালান করা হয়। সেখানে চাহিদার উপর নির্ভর করে প্রতি কেজি ৩০০-৫০০ টাকায় এই ফুল বিক্রি হয়। বিভিন্ন গুণে সমৃদ্ধ সজনে ফুলের প্রচুর চাহিদা রয়েছে। সরকার যদি গ্রামীণ এলাকায় এই ফুল সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করে, তাহলে এই ফুল বাণিজ্যিকভাবে দেশের বাইরেও রপ্তানি করা যেতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ