সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট মহকুমার ৩৬টি গাম পঞ্চায়েতের মধ্যে দু’টি পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের বিচারে অনেক পিছিয়ে। এই দু’টি গ্রাম পঞ্চায়েত হল, তেহট্ট-১ ব্লকের নাটনা ও কানাইনগর। এরমধ্যে নাটনা বিজেপি-সিপিএমের জোট পরিচালিত ও অন্যটিতে সিপিএম-কংগ্রেস জোট ক্ষমতায় আছে। এই দুই পঞ্চায়েতকে বুধবার উন্নয়ন মিটিংয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। জেলাশাসক এস অরুণ প্রসাদের নেতৃত্বে তেহট্ট দীনবন্ধু মিত্র মঞ্চে মিটিং হয়। মিটিং শেষে এই দুই গ্রাম পঞ্চায়েতকে তেহট্ট-১ বিডিও আলাদা করে ডেকে জানিয়ে দেন, মার্চের মধ্যে এই টাকা খরচ করতে হবে। জানা গিয়েছে, বিজেপি-সিপিএম পরিচালিত নাটনা গ্রাম পঞ্চায়েতে উন্নয়ন খাতে মোট ৮৯ লক্ষ টাকা পড়ে আছে। যা এখনও পর্যন্ত খরচ করতে পারেনি পঞ্চায়েত। আবার মার্চে পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির প্রায় ৫০ লক্ষ টাকা আসবে। অথচ প্রথম কিস্তির টাকাই এখনও পঞ্চায়েত খরচ করতে পারেনি। তৃণমূলের দাবি, টাকা খরচে অনীহা আছে প্রধানের। আমরা সবরকম সহযোগিতা করলেও, প্রধান টেন্ডারে সই না করার জন্য কাজ হচ্ছে না।



