নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার রাতে তাজা নেতা আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার উড়িয়াপাড়ায় (ঘটনাস্থলে) আরো বোমা পড়ে থাকতে দেখা যায়। এই নিয়ে রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বাগান থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা সেগুলি মজুত করে রেখেছিলেন, সেটা নিয়ে তৈরি হয়েছে রহস্য। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
এদিকে, হামলার ঘটনার নিন্দা করেও কটাক্ষ করেছেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। তিনি বলেন, ঘটনা অবশ্যই নিন্দনীয়। তবে কারা করেছে, সেটা তদন্ত সাপেক্ষ। উনি একদিন আগে দল ছেড়েছেন। তারপর এই ঘটনা। আইএসএফকে দোষ দেবেন, সেটা স্বাভাবিক। কিন্তু কথা হল ভাঙড়ের মানুষের মন পেতে নিজের গাড়িতে হামলা করানো হয়নি তো? এদিকে, শনিবার রাতে আইএসএফের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড় থানার শাকশহর এলাকায়। ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে আইএসএফ। এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী-সমর্থকরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।