নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান শহরের এক যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিস তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, তাঁকে একটি ঘরে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়েছে। ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর উপর অত্যাচার করা হচ্ছে। আত্মহত্যা করা ছাড়া পথ নেই। কয়েকজন ঘরে থাকতে দিচ্ছে না। ঘরে থাকতে হলে তাদের সঙ্গে সহবাস করতে হবে বলে চাপ দেওয়া হচ্ছে। এলাকায় তারা প্রভাবশালী হিসেবেই পরিচিত। অত্যাচার করার পর মুখ না খোলার জন্য তারা হুমকি দেয়। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, যৌন নির্যাতন করার অভিযোগে এলাকারই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানা গিয়েছে, ওই মহিলা বাড়িতে সন্তানকে নিয়ে থাকতেন। সেই সুযোগেই তাঁর উপর অত্যাচার করা হয়। ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় জানান, আমার উপর যে অত্যাচার হচ্ছে তার বিচার চাই। বিভিন্ন সময় অত্যাচার করা হচ্ছে। ভয়েভয়ে দিন কাটাতে হচ্ছে। বর্ধমান থানায় পুলিস জানিয়েছে, ওই মহিলা শনিবার রাতে থানায় এসে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। ঘটনায় ওই তিনজন ছাড়া আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই মহিলার নিরাপত্তার দিকটিও দেখা হচ্ছে। এক পুলিস আধিকারিক বলেন, ওই মহিলাকে যে ঘরে আটকে রেখে যৌন নির্যাতন করা হয়েছে সেখানে গিয়েও তদন্ত করা হবে। তিনি ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁকে সবরকম সহযোগিতা করা হবে।



