নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটি পুরসভার চেয়ারম্যান বদলের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে হুমকি ফোনের স্রোত। পুরসভার ভাইস চেয়ারম্যান, দুই কাউন্সিলারের মোবাইলে হুমকি ফোন আসে গত সপ্তাহে। শনিবার বেলা ১টা ৫৪ মিনিটে ফোনে হুমকি দেওয়া হয় রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা পানিহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সম্রাট চক্রবর্তীকে। একটি ১৪ সংখ্যার বাংলাদেশের নম্বর থেকে ফোনটি আসে। ফোন করে বাংলায় বলা হয়, ‘অনেক হয়েছে, এবার রেডি থাকো।’ এরপরই ফোনটি কেটে যায়। এদিনই ঘোলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সম্রাটবাবু। শুধু তিনি নন, পুরসভার আলো বিভাগের চেয়ারম্যান পরিষদের সদস্য তাপস দে’র মোবাইলেও হুমকি ফোন এসেছে।
সম্রাট সাংবাদিকদের বলেন, এদিন দুপুরে বাংলাদেশের ওই অচেনা নম্বর থেকে প্রথমে একটি ফোন আসে। তবে সেবার কোনও কথা শোনা যায়নি। এর পরের ফোনে হুমকি দেওয়া হয়। তখন ট্রু কলারে বাংলাদেশের সময় ২ টো ২৪ দেখাচ্ছিল। এর আগে গত শনিবার রাতে প্রথম হুমকি ফোন এসেছিল। উল্লেখ্য, এর আগে ফোন করে হুমকি দেওয়ার পাশাপাশি ফেসুবুক পোস্টেও হুমকি দেওয়া হয় সম্রাটকে। তাতে প্রচ্ছন্নভাবে তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়। তাছাড়া বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষকেও হুমকি দেওয়া হয়।
সম্রাট বলেন, এদিন একেবারে সোজা ভাষায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস কমিশনারের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানানো হয়েছে। প্রশ্ন উঠছে, দুষ্কৃতীরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? পিছনে কী কারও মদত রয়েছে? পুলিস সব দিক খতিয়ে দেখছে। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, ফেসবুক পোস্টে ও ফোনে হুমকির বিষয়ে তদন্ত অনেকটা এগিয়েছে। কেউ পার পাবে না। খুব শীঘ্রই ঘটনার কিনারা করা সম্ভব হবে। এলাকায় পুলিসি নজরদারিও দ্বিগুণ করা হয়েছে।