নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পুরসভার জঞ্জাল রাস্তার ধারে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এর মাধ্যমে একটি জলাশয় বোজানো হচ্ছে বলে বাসিন্দাদের অভিযোগ। এমনকী সেই অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়েরও। তিনি বিষয়টি ফেসবুকে তুলেও ধরেছেন। ঘটনাটি ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের। বিষয়টি পুরসভার চেয়ারপার্সন রেবা রাহার কানে যেতেই ওই পুরকর্মীকে শোকজ করা হয়েছে। সেই সঙ্গে সেখান থেকে জঞ্জাল তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রেবা রাহা বলেন, কোন জলাশয় বোজানো হচ্ছে না। ওই এলাকাটি খাস জমি। পুরকর্মীরা ফাঁকি দিতে জঞ্জাল ওখানে ফেলে দিয়েছেন। শোকজ করা হয়েছে। জঞ্জাল তুলে নিতে বলা হয়েছে। কোনও জলাশয় বোজানো হবে না।



