Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার এক নতুন পুজো, জল জমার আশঙ্কায় পাম্প মজুত

পুজোর আগে পুরসভার তরফেও এলাকা পরিষ্কার, রাস্তায় আলোর ব্যবস্থা করা হচ্ছে। শহরের একেবারে উত্তরে রয়েছে এই ওয়ার্ড

এবার এক নতুন পুজো, জল জমার আশঙ্কায় পাম্প মজুত
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: এতদিন ওয়ার্ডে একটি মাত্র পুজো হতো। মহিলা পরিচালিত সর্বজনীন পুজো ঘিরে কান্দি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ব্যাপক উন্মাদনা দেখা যেত। এবার ওয়ার্ডে আরও একটি পুজো বাড়ছে। পুজোর আগে পুরসভার তরফেও এলাকা পরিষ্কার, রাস্তায় আলোর ব্যবস্থা করা হচ্ছে। শহরের একেবারে উত্তরে রয়েছে এই ওয়ার্ড। কান্দি নেতাজি বাস টার্মিনাস থেকে পীরতলা ঢাল হয়ে এই ওয়ার্ডে আসতে হয়। এতদিন এই ওয়ার্ডে শুধুমাত্র দয়াময়ী পাড়া মহিলা পরিচালিত সার্বজনীনপুজো হয়ে আসছিল। তবে এবছর শ্মশানতলা সংলগ্ন এলাকায় আরও একটি পুজো হচ্ছে। এই দুই পুজো ঘিরে বাসিন্দারা মেতে উঠেছেন। 

Advertisement

স্থানীয় বাসিন্দা অনুপ দাস বলেন, ওয়ার্ডে দু’টি পুজো হলেও উন্মাদনায় কোনও খামতি নেই। ঘরে ঘরে পুজোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই পুজোর কেনাকাটা করে ফেলেছি।
মহিলা পরিচালিত পুজো কমিটির সদস্য দেবীকা চক্রবর্তী, তনুজা রায় বলেন, প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে ওয়ার্ডের মহিলারা এই পুজো চালিয়ে আসছেন। বাড়ির কাজ সামলে প্রায় দু’মাস ধরে পুজোর আয়োজন চলতে থাকে। পুজোর পাঁচদিন কীভাবে কেটে যায়, তা বুঝতে পারি না। শ্মশানতলা সংলগ্ন এলাকায় এবার স্থানীয় যুবকরা পুজোর উদ্যোগ নিয়েছেন। দু’টি পুজোর উদ্বোধন করবেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার। অন্যান্য ওয়ার্ডের মতো এখানেও কান্দি পুরসভার তরফে এলাকার জঙ্গল সাফাই, রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে। রাস্তার দু’পাশে ছড়ানো হচ্ছে ব্লিচিং, চুন। নিকাশি নালাগুলিও পরিষ্কার করা হয়েছে। তবে মহিলা পরিচালিত পুজো মণ্ডপের একটি জায়গা নিচু হওয়ায় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা রয়েছে। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, জমা জল নিকাশির জন্য ওখানে একটি পাম্প মেশিন মজুত রাখা হয়েছে। প্রয়োজনে আরও পাম্প পাঠানো হবে। ওয়ার্ড কাউন্সিলার কানন ঘোষ বলেন, পুজোর আগে আমার ওয়ার্ড একেবারে তৈরি। পুজোর উন্মাদনা প্রতিটি ঘরে ঘরে। পুরসভাও তৎপরতার সঙ্গে কাজ করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ