Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মানুষের জীবনের বিনিময়ে পুজোয় ভিড় টানার প্রতিযোগিতা চলবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সুষ্ঠু ও নির্বিঘ্নে দুর্গাপুজো করতে হবে। সেখানে কোনওভাবেই যেন ভিড় টানার প্রতিযোগিতায় নেমে অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মানুষের জীবনের বিনিময়ে পুজোয় ভিড় টানার প্রতিযোগিতা চলবে না, নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুষ্ঠু ও নির্বিঘ্নে দুর্গাপুজো করতে হবে। সেখানে কোনওভাবেই যেন ভিড় টানার প্রতিযোগিতায় নেমে অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো সম্পন্ন করতে প্রশাসন ও পুজো কমিটিগুলি কী কী করতে হবে, সে-সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠক করেন মমতা। যেখানে রাজ্য সরকার ও পুলিস প্রশাসনের পদস্থ কর্তা এবং পুজো উদ্যোক্তারা হাজির ছিলেন। কলকাতার পুজো কমিটির সদস্যরা সশরীরে বৈঠকে যোগ দেন। আর জেলা প্রশাসনের কর্তা ও পুজো কমিটিগুলি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেয়। প্রত্যেক বছরই দেখা যায় বিগ বাজেটের পুজো কমিটিগুলির মধ্যে লড়াই চলে দর্শক টানার। আবার কলকাতার উত্তর বনাম দক্ষিণের পুজো কমিটিগুলি লড়াই চালায় সেরা হওয়ার। এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রী বলেন, কোন ক্লাব কী ধরনের পুজোর থিম করছে, কীভাবে পুজো করছে সেসম্পর্কে আগাম খোঁজখবর রাখবে পুলিস। কোথাও কোনও অবস্থায় যেন পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি না হয়। পাশাপাশি পুজো কমিটিগুলিকে মুখ্যমন্ত্রীর বার্তা, ভিড় টানা মানুষের জীবন দিয়ে নয়। ভিড়ের প্রতিযোগিতা নয়। মানুষের দিকে বাড়তি নজর দেওয়া। এছাড়াও পুজো সংক্রান্ত বিষয়ে আরও কিছু নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। যান চলাচল সচল ও স্বাভাবিক রাখতে পুলিস প্রশাসন দিনরাত নজর রাখবে। দর্শনার্থীদের সুবিধার্থে ঘন ঘন গাড়ি চলাচলের ব্যবস্থা করবে পরিবহণ দপ্তর। মেট্রো ও লোকাল ট্রেনের পরিষেবা বেশিক্ষণ চালু রাখার ব্যাপারে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। এয়ারপোর্ট যেতে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুজো কমিটিগুলিকে প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদাভাবে চওড়া গেট রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বলা হয়েছে, বৈদ্যুতিক তার ও সরঞ্জাম ঠিকমতো রাখতে হবে এবং নজরদারি থাকবে সবসময়। কুইক রেসপন্স টিম, সিসিটিভ, ড্রোন-ক্যামেরায় নজরদারি রাখতে হবে ২৪ ঘণ্টা। প্রবীণ মানুষ, মহিলা ও শিশুদের প্রতি বাড়তি নজর দিতে হবে। পুজো কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে মাইকে সবসময় ঘোষণা হবে। অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম রাখতে হবে। পুজো কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার জন্য হেলপলাইন নম্বর চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ