Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রত্যেকের মধ্যেই ‘মিতিন’ আছে: কোয়েল

মুক্তির অপেক্ষায় ‘মিতিন: একটি খুনির সন্ধানে’। তারই আড্ডায় অভিনেত্রী কোয়েল মল্লিক।

প্রত্যেকের মধ্যেই  ‘মিতিন’ আছে: কোয়েল
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুক্তির অপেক্ষায় ‘মিতিন: একটি খুনির সন্ধানে’। তারই আড্ডায় অভিনেত্রী কোয়েল মল্লিক।

Advertisement

আপনার প্রিয় মহিলা গোয়েন্দা চরিত্র কে?
মিতিন মাসি (হাসি)। মিতিন ছাড়া কারও কথা জানতে চাইলে বলব, মিস মার্পল।
আপনার পরিবারে কোনও ‘মিতিন’কে পেয়েছেন?
আমার ঠাকুরমার মধ্যেও মিতিনকে পেয়েছি। দিদিমার মধ্যেও মিতিনকে দেখেছিলাম। দিদিমাকে কম সময় পেয়েছিলাম। এমন মানুষ ছিলেন, যিনি মানুষকে ভালোবাসতে ভালোবাসেন। মিতিনের মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। হয়তো সিনেমার মধ্যে তার গোয়েন্দা রূপে বেশি দেখা যায়। কিন্তু ওর মধ্যে একটা স্নেহময়ী রূপও রয়েছে। তাই আমার পরিবারের ক্ষেত্রে দু-একজনের নাম বললে ভুল হবে। মা, দিদি, কাকিমা, জেঠিমা, মাসি— অনেকের মধ্যেই মিতিনকে খুঁজে পেয়েছি।
বাঙালির খুব চেনা চরিত্র...
হ্যাঁ, মিতিন একজন গৃহিণী। পাশাপাশি তদন্তও করে। ‘থার্ড আই’ নামে ওর একটা এজেন্সি রয়েছে। আত্মনির্ভর, স্পষ্টবক্তা। ঠিক যেন দর্শকের পরিচিত পাশের বাড়ির মেয়েটি। দর্শক ভাববেন, তাকেও মিতিন হতে হবে। প্রত্যেকের মধ্যেই মিতিন আছে। তাকে জাগিয়ে তুলতে হবে। 
এই ছবিতে কতটা অ্যাকশন করেছেন?
অনেক...। কিন্তু মিতিন মারকুটে নয়। ও এতটাই বুদ্ধিমতী, আগে থেকে বুঝতে পারে কোথায় বিপদ রয়েছে। 
কবীর মাকে অ্যাকশন করতে দেখল?
কবীর আমাকে একটা চেজ সিকোয়েন্স করতে দেখেছে। ও সেদিন শ্যুটিংয়ে এসেছিল। আমাকে বারবার জিজ্ঞেস করছে, মা তুমি এত দৌড়চ্ছ কেন? আমি বললাম দুষ্টু লোকের পিছনে দৌড়চ্ছি। কিন্তু ওকে বুঝিয়েছি, আমি যা করছি তা অভিনয়। তা বলে তোমাকে করতে হবে না। 
আপনি মনস্তত্ত্বের ছাত্রী, দর্শকের মন বুঝতে পারেন?
আগের ছবিটা ‘স্বার্থপর’ করার পর আমার মনে হয়েছিল, মহিলারা বুঝবেনই। এটা তাঁদেরই গল্প। কিন্তু পুরুষ এখন অনেক সংবেদনশীল। তাঁদের ছাড়া আমাদের ছবি সাফল্য পেতে পারত না। ফলে যেভাবে অনেকে ভাবছেন, দর্শক পাল্টেছে। দ্রুতগতির জীবন আর ফাস্ট ফুডে তাঁরা অভ্যস্ত। কিন্তু আমার মনে হয়, এখনও তৃপ্তির জায়গাটা ডাল ভাত। এটুকু বুঝতে পারি।
বাজেটের উপর নির্ভর করে বছরের কোন সময় ছবি রিলিজ করবে, তার একটা নিয়ম বেঁধে দেওয়ার চেষ্টা চলছে। এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো?
আমি ক্রিয়েটিভ মানুষ। ব্যবসা সম্পর্কে আমার স্বামী (নিসপাল সিং রানে, প্রযোজক) ভালো বলতে পারবে। তবে আমার মনে হয়, ওরা ভালোভাবে বিচার করেই সিদ্ধান্ত নেবে। আর সকলে ইন্ডাস্ট্রির ভালোর জন্যই ভাবছে। 
মিস মার্পল, ফেলুদা আর ব্যোমকেশের থেকে একটা করে জিনিস নিতে চাইলে, মিতিন কী কী নেবে?
মিস মার্পেল এমন মহিলা যার মধ্যে সফটনেস আর শার্পনেস একসঙ্গে রয়েছে, সেটা নেব। ব্যোমকেশের মধ্যে হিউমার এবং  মেন্টাল শার্পনেস রয়েছে, সেটা মিতিন নেবে। ফেলুদার মধ্যে একটা হিরোইক সত্তা রয়েছে। সেটা আমার দারুণ লাগে।
ক্রিসমাস আসছে, আপনার জীবনে সান্টাক্লজ আছেন কেউ?
চিরকাল আমার কাছে সান্টা মানে বাবা (রঞ্জিত মল্লিক)। কোনওদিন বকেননি। শৃঙ্খলা শিখিয়েছেন। 
আপনি কারও সান্টা নাকি?
আমার ছেলে-মেয়ের সান্টা হওয়ার চেষ্টা করছি (হাসি)। 
স্বরলিপি ভট্টাচার্য

Advertisement
সম্পর্কিত সংবাদ