• ‘অটবী’তে ডিম্পল চরিত্রে কি নতুনভাবে মধুমিতা সরকারকে আবিষ্কার করবেন দর্শক?
• ‘অটবী’তে ডিম্পল চরিত্রে কি নতুনভাবে মধুমিতা সরকারকে আবিষ্কার করবেন দর্শক?
•• অনেকটা। এতদিন আমি মূলত চঞ্চল, মিষ্টি স্বভাবের পজিটিভ চরিত্রে অভিনয় করেছি। এই প্রথম এমন একটা চরিত্রে অভিনয় করলাম, যার চোখ একরকম কথা বলে, মুখ অন্যরকম কথা বলে। ডিম্পল চরিত্রটা চাপা স্বভাবের। তবে দায়িত্বশীল। পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের ছবিটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার।
• নিজের স্বভাবগত মিল কি ডিম্পলের মধ্যে খুঁজে পেয়েছেন?
•• বাবা-মায়ের শরীর খারাপ হলে অতিরিক্ত সাবধানী হয়ে পড়ি। ডিম্পল বোনের ক্ষেত্রে অনেকটা সেই রকম। তবে আমি নিজের ইচ্ছা অন্যের উপর কখনো চাপিয়ে দিই না।
• পরপর অনেকগুলি সিনেমা, সিরিজ। সিরিয়ালে আর ফিরবেন না?
•• ফিরেছিলাম তো। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে দেখলাম কাজের কোয়ালিটিটা অনেক পড়ে গিয়েছে। এটা কোভিডের পর থেকে হয়েছে। ‘কেয়ার করি না’, ‘বোঝে না সে বোঝে না’ বা ‘কুসুম দোলা’র কথাই যদি ধরি, করোনার আগে সময় ও যত্ন নিয়ে সিরিয়াল তৈরি হতো। এখন তাড়াহুড়োটা বড্ড বেশি। এখন শুরুর দিন থেকেই মনেহয় সিরিয়ালটা ছ’মাস ধরে চলছে। এই নতুন পদ্ধতিটায় অভ্যস্থ নই।
• বাংলা, হিন্দি, দক্ষিণ ভারতে পর এবার বাংলাদেশ। পরিধিটা ক্রমশ বাড়ছে।
•• (হেসে) গত দশ বছর ধরে বাংলাদেশ থেকে প্রচুর অফার পেয়েছি। নানা কারণে রাজি হইনি। পরিবার থেকেও আপত্তি ছিল। কেন বুঝতেই পারছেন। তাছাড়া আমি চেয়েছিলাম বাংলাদেশে এমন ছবিতেই অভিনয় করব যেখানে আমার ও চরিত্রের প্রাধান্য থাকবে। এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। ছবির নাম ‘গুলশনের চামেলি’। আমিই নাম ভূমিকায়। পুরুষ প্রধান গল্প নয়। আমিন খান, বাঁধন প্রমুখ অভিনয় করছেন। শ্যুটিং শুরু হবে ডিসেম্বরে।
• আপনি আজকের শিল্পী। বাংলা ছবির আগামী আপনাদের হাতে। কী প্রত্যাশা?
•• বাঙালি মনের ধারণা হল অভিনত্রীরা কাজ পাওয়ার জন্য পরিচালক, প্রযোজকদের সঙ্গে তাল মিলিয়ে, সমঝোতা করে চলেন। এটা ভুল। অনেকে আছেন বাই চয়েস কাজ করেন। আমি চাই অডিশন কালচারটা ফিরে আসুক। একটা চরিত্রের জন্য যেমন শুভশ্রীদি অডিশন দেবেন, তেমন কোনো চরিত্র পাওয়ার আগে অঙ্গনা, শোলাঙ্কিদের সঙ্গে আমিও অডিশন দেব। সুযোগটা যেন সবার সামনে সমানভাবে উন্মুক্ত থাকে। দেশের সমস্ত ইন্ডাস্ট্রিতে চরিত্র পাওয়ার জন্য নতুন, পুরনো সবাইকে অডিশন দিতে হয়। এখানে সেই অভ্যাসটা চালু হোক।
• নিজে কিছু করতে ইচ্ছা করে না?
•• অবশ্যই। আমি পরিচালনায় আসব। অনেকগুলি গল্প আমার কাছে রয়েছে। দু’টির চিত্রনাট্যও তৈরি। একটু ডার্ক সেডের, একাধিক স্তরের ছবি পরিচালনা করতে চাই।
• পছন্দের পরিচালক?
•• ক্রিস্টোফার নোলান, আদিত্য বিক্রম, আদিত্য ধর এই মুহূর্তের পছন্দের পরিচালক।
• বিয়ের পর প্রথম পুজো। কী পরিকল্পনা?
•• কলকাতায় থাকব। দু’জনে মিলে চুটিয়ে পুজো উপভোগ করব।
প্রিয়ব্রত দত্ত