কলকাতা শিল্পভূমির আয়োজনে সম্প্রতি থিয়ে অ্যাপেক্সে তিনদিন ব্যাপী ‘ভারত নাট্য মহোৎসব ২০২৫’ অনুষ্ঠিত হল। উৎসবে অংশগ্রহণ করে মালদা, গাজল, কালিয়াগঞ্জ, দিনাজপুর, বসিরহাট ও রৌরকেল্লার ছ’টি খ্যাতনামা নাট্যদল। ‘বসিরহাট কিংশুক’-এর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘তারাপদ’ নাটকটির প্রযোজনা চমৎকার। মালদা শিল্পী সংসদ প্রযোজিত ‘কাঞ্চন রঙ্গ’র উপস্থাপনাও দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। যাত্রিক কালিয়াগঞ্জ প্রযোজিত ‘চোরেদের লজ্জা হল’ এক ভিন্নধর্মী উপস্থাপনা। কলকাতা শিল্পভূমির নির্দেশক ডঃ সুকমল মৈত্র জানান, ‘শুধু কলকাতা বা জেলাতে নয়, ভবিষ্যতে বিদেশেও আমাদের কাজ করার ইচ্ছে রয়েছে।’



