নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তুরে হাওয়া সক্রিয় থাকলেও শহরে আপাতত কনকনে শীত থেকে কিছুটা রেহাই মিলল। একধাক্কায় অনেকটাই বাড়ল শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই আগামী দু’দিন সামান্য হলেও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। শ্রীলঙ্কা উপকূলে অবস্থিত গভীর নিম্নচাপের কারনে আজ, রবিবার ও আগামী কাল সোমবারে দক্ষিণবঙ্গের শীতের অনুভূতি কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার থেকে ফের নামবে পারদ। জাঁকিয়ে পড়বে শীত।
আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিসের পূর্বাভাস আজ, রবিবার শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। এদিন সকালে হাল্কা কোথাও কোথাও মাঝারি মাত্রায় কুয়াশা লক্ষ্য করা গিয়েছিল। আজ, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।