নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের রকি ক্লাবের এবারের থিম ‘সবুজের সংকল্প’। প্রায় সাড়ে সাত হাজার নানা ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। কোচবিহারের একটি নার্সারি থেকে আনা হয়েছে এই বিপুল পরিমাণ গাছ। সেই সঙ্গে চন্দননগরের আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের আশপাশ। রকি ক্লাবের পুজো এবার ৩৩তম বর্ষে পা দিয়েছে। খাগড়াবাড়ির ভাসানচন্দ্র পাল প্রতিমা নির্মাণ করেছেন। বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে সবুজের সংকল্প থিমকে সাজিয়ে তোলা হয়েছে। টবে লাগানো এই সব গাছ রয়েছে মণ্ডপের ভিতর ও বাইরে। মায়ের মূর্তিও এখানে গাছের আদলে। রকি ক্লাবের সদস্য সৈকত ভট্টাচার্য বলেন, বিশ্ব উষ্ণায়নের সময় গাছকে সন্তানের মতো লালন পালন করতে হবে। পুজোর মাধ্যমে এই বার্তাই আমরা দিতে চাইছি।



