নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘরে বিশেষ অনুষ্ঠানে রাজ্য সরকারের নতুন শিল্পনীতি ঘোষণা করা হবে। রাজ্যে নতুন শিল্পে বিনিয়োগ করলে কী কী ক্ষেত্রে ছাড়, ভরতুকি বা অন্যান্য সুবিধা মিলবে সেদিকে তাকিয়ে আছে সারা দেশের শিল্প-বাণিজ্য মহল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিকেলে যখন নতুন শিল্পনীতি প্রকাশ করবেন তখন নবান্ন সভাঘরে শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধিদের সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর শিল্পনীতি তৈরির জন্য মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়। মন্ত্রিগোষ্ঠী একাধিকবার বৈঠকে বসে শিল্পনীতির ব্যাপারে তাদের সুপারিশ চূড়ান্ত করে। তারপর তা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। এবার পুরো বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত নীতি প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন, শিল্পস্থাপনের জন্য বিশেষ সুবিধা প্রদানের সঙ্গে সেখানে কত কর্মসংস্থান হবে তাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নতুন নীতিতে এর প্রতিফলন কতটা হয়, সেটাও দেখার বিষয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, শিল্প করার জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদের অর্ধেক ১০ বছর সরকার বহন করবে এরকম নতুন নীতিতে থাকতে পারে। শিল্পসংস্থাকে যে জিএসটি দিতে হয়, তার রাজ্য সরকারের অংশ ১০ বছর ধরে ফেরত দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। কর্মীদের পিএফ তহবিলে কর্তৃপক্ষের তরফে যে টাকা জমা দেওয়া হয়, তা ১০ বছর ধরে সরকার দিতে পারে। বিদ্যুৎ মাশুলে ছাড়, পরিকাঠামো তৈরি, জমি সংক্রান্ত সুবিধা প্রদান প্রভৃতি এই নীতিতে থাকতে পারে।



