নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যের নতুন শিল্পনীতি বারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের ক্ষেত্রে সুবিধাজনক হবে। নোয়াপাড়ায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাজ্য শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, ‘বারাকপুর শিল্পাঞ্চলে অনেক কারখানা বন্ধ হয়ে রয়েছে। আমরা চাই, সেই সব কারখানায় নতুন করে শিল্প গড়ে উঠুক। রাজ্যের মুখ্যমন্ত্রী যে শিল্পনীতি তৈরি করেছেন, তার ফলে শিল্পোদ্যোগীরা উৎসাহিত হবেন। বেশ কয়েকজন ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন। নতুন শিল্পনীতি তাদের জন্য অনেক সুবিধাজনক হবে। আমরা আশা করছি, বারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ কারখানার জমিতে শিল্পস্থাপনে এগিয়ে আসবেন শিল্পোদ্যগীরা।’
সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, কেউ চাঁদা চাইলে কোনো টাকাই যেন না দেওয়া হয়। মন্ত্রীর পরামর্শ, ‘যদি কেউ তোলা চায়, ছবি তুলে সঙ্গে সঙ্গে আমায় পাঠাবেন। সে যে-ই হোক না কেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নোয়াপাড়ার মানুষ আমাকে সমর্থন করেছেন। আমি এখানকার মানুষের সঙ্গে সর্বতোভাবে আছি। কে কোন দল করেন, কে কোন নেতার সঙ্গে আছে, সেটা পরিচয় নয়। সাধারণ মানুষকে কোনোভাবে ডিস্টার্ব করলে তার পরিণতি ভালো হবে না।’
প্রসঙ্গত, তোলাবাজি ইস্যুতে বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তাঁর দলের নেতাকর্মীরাই অভিযোগ তুলেছেন। এমনকি, অভিযোগ তুলেছেন বারাকপুরের প্রখ্যাত বিরিয়ানি ব্যবসায়ী এবং
চক্ষু চিকিৎসক। এসব নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। প্রথম থেকেই এই ইস্যুতে অর্জুন সিং কৌস্তভের বিরুদ্ধে সরব ছিলেন। এবার প্রকাশ্যে তিনি জানিয়ে দিলেন, তোলা দূরে থাক, জোর করে চাঁদা চাইলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



