বয়স ৬০- এর গণ্ডি পেরলে তবেই কর্মজীবন থেকে অবসর? তার আগে পর্যন্ত নিত্যদিন কর্পোরেট জীবনযাপন। মিটিং, ডেডলাইন- এমন নানা চাপ সহ্য করতে করতেই পেরিয়ে যায় অনেকটা সময়। সব ছেড়ে দেব, এমন ভাবনা আসে নিরন্তর। কিন্তু ভাবলেই কি আর ছাড়া যায়! সঠিক পরিকল্পনা ছাড়া আচমকা চাকরি থেকে অবসর গ্রহণ কি এতই সহজ? যদি বলি হ্যাঁ, বিশ্বাস করছেন না তো? ভাবছেন অসম্ভব! তবে এই অসম্ভবকেই সম্ভব করেছেন ২৯ বছরের স্নেহা রাজগুরু। না! অন্যের অধীনে চাকরি তিনি করবেন না। বরং এত কম বয়সেই অবসর নিয়ে নিজের শর্তে বাঁচার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কীভাবে এই দৃঢ় সিদ্ধান্ত নিলেন? সেই পরিকল্পনা স্নেহা শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। বাবার সঙ্গে মিলে পুনেতে তিনি তৈরি করেছেন একটি ফার্ম-স্টে। আজীবন সেটাতেই মনোনিবেশ করার ইচ্ছে তাঁর। স্নেহার ‘অবসর’ পরিকল্পনা তৈরি হয়েছে চারটি ধাপে। প্রথমে তিনি নিজের পছন্দের জায়গায় সামান্য জমি কিনেছিলেন। সেটির নাম দেন ‘বাপ বেটি ফার্ম’। এরপর জমিতে লাগান বিভিন্ন ফলের গাছ। তাঁর মতে, গাছ একবার বেড়ে উঠলে কম পরিশ্রমে বছরের পর বছর ফল দেয়। তৃতীয় ধাপে শুরু করেন নিজের খাবার নিজেই ফলানোর প্রক্রিয়া। লকডাউন বা যুদ্ধের মতো পরিস্থিতিতেও যাতে অন্যের উপর নির্ভর করতে না হয়, সেটিই ছিল লক্ষ্য। চতুর্থ ধাপে জমি ভরিয়ে তোলেন ফুলে। প্রতিদিনের সৌন্দর্য ও প্রকৃতির সান্নিধ্য মানসিক শান্তি দেবে বলেই তাঁর বিশ্বাস। এভাবেই অবসর নিয়ে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা থাকলে নিজের শর্তে বাঁচা কঠিন নয়। প্রকৃতির কাছাকাছি থাকা এবং প্রতিদিনের যাপনে চাহিদা কমিয়ে আনাই ছিল তাঁর লক্ষ্য। স্নেহার এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ৪ লক্ষেরও বেশি মানুষ তাঁর তৈরি ভিডিয়ো দেখেছেন। স্নেহা এখন বহু মানুষের অনুপ্রেরণা। অনেকেই তাঁর মতো নিজের স্বপ্নের জায়গা তৈরি করার ইচ্ছাপ্রকাশ করেছেন। পাশাপাশি স্নেহার সাধারণ জীবনযাপনকে কুর্ণিশ জানিয়েছেন সকলে।



