Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুনর্ভবা ক্যানেলের দু’ধারে সৌন্দর্যায়ন করবে পুরসভা, থাকবে ওপেন জিম

বিধানসভা নির্বাচনের মুখে কল্পতরু গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। শহরবাসীর শরীরচর্চা, অবসর বিনোদনের জন্য নানা পরিকল্পনা করছে পুর কর্তৃপক্ষ।

পুনর্ভবা ক্যানেলের দু’ধারে সৌন্দর্যায়ন করবে পুরসভা, থাকবে ওপেন জিম
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমেন পাল, গঙ্গারামপুর: বিধানসভা নির্বাচনের মুখে কল্পতরু গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। শহরবাসীর শরীরচর্চা, অবসর বিনোদনের জন্য নানা পরিকল্পনা করছে পুর কর্তৃপক্ষ। শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পুনর্ভবা ক্যানেলের দু’পাশে রাস্তা ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করলেন পুরসভার চেয়ারম্যান। সোমবার শহরের ১১ নম্বর ওয়ার্ডের খাড়িপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে চেয়ারম্যানের সঙ্গে পুরসভার আধিকারিকরাও ছিলেন। শহরের ১৭, ১১, ৭ ও ১০ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার অন্যতম ভরসা পুনর্ভবা ক্যানেল। দীর্ঘদিন ধরে ক্যানেলের দু’পাশে সৌন্দর্যায়ন ও হাঁটার উপযোগী রাস্তার দাবি উঠছিল। সেই দাবিকে সামনে রেখে নগরোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় প্রায় দেড় কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে পুরসভা।

Advertisement

পরিকল্পনা অনুযায়ী, ক্যানেলের দু’পাশে ঢালাই রাস্তা, এলইডি লাইট, সবুজায়ন এবং বসার ব্যবস্থা থাকবে। প্রবীণ নাগরিকরা সেখানে প্রাতঃভ্রমণ এবং সান্ধ্যভ্রমণ করতে পারবেন। ক্যানেলের পাশে বসে অবসর সময় কাটানোর জন্য বসার ব্যবস্থা থাকবে। সকাল, সন্ধ্যায় সাউন্ড সিস্টেমে মৃদু সুরে বাজবে রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি। তরুণ, যুবকদের জন্য থাকবে ওপেন জিম। পাশাপাশি গ্রিন সিটি প্রকল্পের আওতায় অতিরিক্ত অর্থ বরাদ্দ করে এলাকা সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে পুরসভার তরফে।
চেয়ারম্যানের কথায়, শহরবাসীর দাবি মতো আমরা এই কাজ শুরু করেছি। তিনমাসের মধ্যে মূল পরিকাঠামোর কাজ শেষ করে পূর্ণাঙ্গ সৌন্দর্যায়নের দিকে এগবো। ক্যানেলের সৌন্দর্যায়নে আরো কী কী করা যায়, সেবিষয়ে শহরের প্রবীণদের থেকে পরামর্শও নেওয়া হবে।
প্রকল্প ঘিরে শহরবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেলেও রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির জেলা সহ সভাপতি অশোক বর্ধনের বক্তব্য, ক্যানেলের ধারে ব্যক্তি মালিকানাধীন জমি থাকায় পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। ভোটের মুখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ