অকল্যান্ড: কর্মব্যস্ত, ঝাঁ-চকচকে শহর অকল্যান্ড। চোখ ধাঁধানো শপিং মল আর আকাশছোঁয়া বহুতলে ঠাসা নিউজিল্যান্ডের এই প্রাণকেন্দ্র পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে সেই বৈভব থেকে অনেকটাই দূরে ভারতীয় ফুটবল দল। শহরের ভিতরে শান্ত পরিবেশ ও সবুজে ঘেরা নর্থ হারবার স্টেডিয়ামে বুধবার নিউজিল্যান্ড ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি সারল খালিদ জামিলের দল। মঙ্গলবার অনুশীলনের সময় বৃষ্টির ঠান্ডা ফোঁটা আর হিমেল হাওয়ায় কাঁপুনি ধরেছিল মনবীর-লিস্টনদের। তবে এদিন আকাশে রোদ-মেঘের লুকোচুরির মধ্যেই প্রস্তুতিতে ব্যস্ত ছিল ব্লু টাইগার্সরা। শেষ মুহূর্তে দলের কম্বিনেশন ঝালিয়ে নেন কোচ খালিদ। বৃহস্পতিবার ‘গো মিডিয়া’ স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে ভারত।
গত মাসে ঘরের মাছে ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেছে ভারত। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করেই রিচার্ড হ্যাডলির দেশে পা রেখেছেন রায়ান-মনবীররা। ফিফা র্যাঙ্কিংয়ে ৮৮ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন আরও এক দলের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছেন না কোচ খালিদ। চোটের কারণে নেই আনোয়ার আলি, সাহাল আবদুল সামাদ, আপুইয়া ও এডমুন্ড। তাঁদের অনুপস্থিতিতে বিকল্প খুঁজে নেওয়াই এখন কোচের কাছে বড়ো চ্যালেঞ্জ। তবে বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ মুম্বইকর খালিদ। তাঁর কথায়, ‘ছেলেদের কাছে নিজেদের প্রমাণের সুযোগ রয়েছে। আসন্ন দু’টি ম্যাচে ভালো ফল করতে ফিফা র্যাংকিংয়ে উন্নতি করা যাবে।’
এর আগে দু’বার (১৯৮১ ও ২০১৮ সালে) নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। তবে এই দলের কেউই শেষবারের স্কোয়াডে ছিলেন না। ফলে বিশালদের কাছে নিউজিল্যান্ডের শীতল ও আর্দ্র আবহাওয়া একেবারেই নতুন অভিজ্ঞতা। সেই কারণেই ড্রেসিং-রুমের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিজ্ঞ রায়ান। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগে খেলার সুবাদে নিউজিল্যান্ডের পরিবেশ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। সেই অভিজ্ঞতাই সতীর্থদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন উইলিয়ামস। এদিন অনুশীলনের পর তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের আবহাওয়ায় খেলা সত্যিই কঠিন।’
রক্ষণ জমাট রেখে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবলেই আস্থা কোচ খালিদের। শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ৪-২-৩-১ ছকেই দল সাজাতে পারেন তিনি। আক্রমণভাগে গোলের দায়িত্ব সামলাতে পারেন রায়ান উইলিয়ামস। তবে সিরিজের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে হবে ডিফেন্ডারদের। আনোয়ার আলির অনুপস্থিতিতে মেহতাবদের রক্ষণ সামলাতে হলে সেরাটা উজাড় করে দিতে হবে।
ম্যাচ শুরু ভারতীয় সময় সকাল ১১-৪০ মিনিটে।



