Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আস্ত নিউটাউন থানা চলছে অন্য পুলিশ স্টেশন এরিয়ায়

বিশ্ববাংলা গেটের অদূরেই নিউটাউন থানা। একেবারে রাস্তার ধারেই। কিন্তু, এই থানার গেটের সামনে মোবাইল ছিনতাই হলেও অভিযোগ জানাতে যেতে হবে প্রায় সাত কিলোমিটার দূরে, টেকনোসিটি থানায়!

আস্ত নিউটাউন থানা চলছে অন্য পুলিশ স্টেশন এরিয়ায়
  • ৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অলকাভ নিয়োগী, বিধাননগর: বিশ্ববাংলা গেটের অদূরেই নিউটাউন থানা। একেবারে রাস্তার ধারেই। কিন্তু, এই থানার গেটের সামনে মোবাইল ছিনতাই হলেও অভিযোগ জানাতে যেতে হবে প্রায় সাত কিলোমিটার দূরে, টেকনোসিটি থানায়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কারণ, স্মার্ট সিটির আস্ত নিউটাউন থানাটি রয়েছে অন্য পুলিশ স্টেশন টেকনোসিটির এলাকায়। ফলে অনেকেই বিভ্রান্ত হন। কেন যেতে হবে টেকনোসিটি থানায়, তা নিয়ে কেউ কেউ পুলিশের সঙ্গে তর্কও জুড়ে দেন। অকারণে পুলিশকেও সমস্যায় পড়তে হয়। জানা গিয়েছে, এই সমস্যার সমাধান এবং নিজের এলাকায় নিউটাউন থানা তৈরির উদ্যোগ শুরু হয়েছে। অ্যাক্সিস মলের কাছে নতুন থানা বিল্ডিং তৈরির জন্য জমি বরাদ্দ করেছে হিডকো।

Advertisement

নিউটাউন, সল্টলেক সহ বিধাননগর এক সময় ছিল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের অধীনে। ২০১২ সালে জেলা পুলিশ থেকে সরিয়ে পৃথক বিধাননগর পুলিশ কমিশনারেট তৈরি করা হয়। ন’টি থানা নিয়ে যাত্রা শুরু করেছিল কমিশনারেট। বর্তমানে সাইবার এবং মহিলা থানা মিলিয়ে ১৫টি থানা রয়েছে। গোটা নিউটাউন এলাকায় আগে একটিই থানা ছিল—‘নিউটাউন থানা’। পরবর্তী সময়ে ইকোপার্ক এবং টেকনোসিটি নামে আরও দু’টি থানা তৈরি করা হয়। আগে নিউটাউন থানাটি ছিল নিউটাউন বাসস্ট্যান্ডের কাছে। পরে বিশ্ববাংলা গেট ছাড়িয়ে ক্যান্সার হাসপাতালের উলটোদিকে এই থানাকে স্থানান্তর হয়। বর্তমানে অ্যাকশন এরিয়া-১, ডি জে ব্লকে রয়েছে নিউটাউন থানা। ওই বিল্ডিংয়েই রয়েছে নিউটাউন ট্রাফিক গার্ডের অফিসও।
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, নিউটাউন থানাটি যে জায়গায় অবস্থিত, সেটির জুরিসডিকশন টেকনোসিটি থানার অধীনে। ফলে, নিউটাউন থানা লাগোয়া অংশে কোনো ঘটনা ঘটলে টেকনোসিটি থানায় অভিযোগ জানাতে হয়। টেকনোসিটি থানা আবার কাছে নয়। নিউটাউন থেকে তার দূরত্ব প্রায় সাত কিলোমিটার। যাতায়াত করলে ১৪ কিমি! মোবাইল হারানো, মানিব্যাগ ছিনতাই সহ বিভিন্ন ধরনের জেনারেল ডায়েরি করতে বহু মানুষ নিউটাউন থানায় যান। গিয়ে জানতে পারেন, থানার সামনে ঘটনা ঘটলেও এই এলাকা টেকনোসিটি থানার অধীনে!
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, নতুন থানা বিল্ডিং তৈরি করার জন্য অ্যাক্সিস মল সংলগ্ন এলাকায় হিডকো জমি দিয়েছে। ওই এলাকাটি নিউটাউন থানার অন্তর্গত। ইতিমধ্যেই পুরানো নারায়ণপুর থানাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডিরোজিও মেমোরিয়াল কলেজের কাছে। সেখানে নতুন থানা তৈরি হয়েছে। বাগুইআটি থানাতেও জায়গার অভাব। তাই চিনার পার্ক থেকে কিছুটা এগিয়ে সিটি সেন্টার-২ এলাকায় রাস্তার ধারেই তৈরি হচ্ছে নতুন বিল্ডিং। সল্টলেকে ক্যালকাটা হার্ট ক্লিনিক হাসপাতাল থেকে খালপাড়ের দিকে যাওয়ার রাস্তায় নতুন সিপি অফিস তৈরি হয়েছে। সেখানে কমিশনারটের দপ্তর স্থানান্তর হওয়ার কথা। তবে, এখনও তার দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ