নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে রাজ্যের সব গ্রাম পঞ্চায়েতের বার্ষিক কাজের মূল্যায়ন করা হয়েছিল। ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, বহু পঞ্চায়েত কোনও না কোনও বিভাগে ফেল করেছে। সেরকম দক্ষিণবঙ্গের ১৪টি জেলার ৪১৩টি পঞ্চায়েতকে পাঠ দেবে দপ্তর। দু’দফায় জেলা ভাগ করে হতে চলেছে এই বৈঠক। আজ, মঙ্গলবার হাওড়ার শরৎ সদনে আটটি জেলার অনুত্তীর্ণ পঞ্চায়েত নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পরের বৈঠকের দিন ধার্য করা হয়েছে ২৫ নভেম্বর উত্তর ২৪ পরগনার বারাসতে। সেখানে ডাকা হবে ছ’টি জেলাকে।
জানা গিয়েছে, যারা আগের পরীক্ষায় পাশ করতে পারেনি তাদের কোথায় খামতি রয়েছে, কেন বাকিদের মতো ফলাফল করতে ব্যর্থ হচ্ছে তারা, কোন কোন জায়গায় সমস্যা আছে, প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মূলত এই বৈঠকে পঞ্চায়েতের প্রধান ও অধিকারিককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে দপ্তর। নিজস্ব আয় বৃদ্ধি না করার ফলেই বেশিরভাগ পঞ্চায়েত উত্তীর্ণ হতে পারেনি। এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। তার কারণ, গত বছর প্রতিটি পঞ্চায়েতকে নিয়ে বিশেষ কর্মশালা থেকে আরম্ভ করে নানা পরামর্শ দেওয়া হয়েছে। তারপরও একশ্রেণির পঞ্চায়েত এই বিভাগে কার্যত মুখ থুবড়ে পড়েছে।
বৈঠকে প্রধানদের কাছ থেকে কার্যত জবাব তলব করবেন দপ্তরের আধিকারিকরা বলেই মনে করা হচ্ছে। আজ, বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার অনুত্তীর্ণ পঞ্চায়েতগুলিকে ডাকা হয়েছে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট জেলার দু’জন করে আধিকারিকও উপস্থিত থাকবেন।