Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

পুরসভার জঞ্জালের গাড়িতে বাড়ি পাঠানো হল মৃতার দেহ

অমানবিক! সরকারি হাসপাতালে নেই শববাহী গাড়ি। ময়নাতদন্তের পর মহিলার দেহ বাড়ি পাঠানো হল পুরসভার জঞ্জাল সংগ্রহের গাড়িতে।

পুরসভার জঞ্জালের গাড়িতে বাড়ি পাঠানো হল মৃতার দেহ
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: অমানবিক! সরকারি হাসপাতালে নেই শববাহী গাড়ি। ময়নাতদন্তের পর মহিলার দেহ বাড়ি পাঠানো হল পুরসভার জঞ্জাল সংগ্রহের গাড়িতে। মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার এই ঘটনায় বিতর্ক তুঙ্গে। অভিযোগ, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও শববাহী গাড়ি নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে বারবার আবেদন সত্ত্বেও জোটেনি প্রয়োজনীয় অর্থ।

Advertisement

মৃত মহিলার নাম রুকসানা খান। তিনি গত ৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। ৫ আগস্ট সুরজপুর রোড এলাকার কাছে একটি জঞ্জালের গাদায় ওই মহিলার দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলায় দায়ের হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় বড়া মালহেরা সিভিল হাসপাতালে। রুকসানার স্বামী বাবালেশ আহিরওয়ারের অভিযোগ, আমরা দীর্ঘক্ষণ শববাহী গাড়ির জন্য অপেক্ষা করি। কিন্তু শেষ পর্যন্ত একটি জঞ্জালবাহী ট্র্যাক্টর-ট্রলি দেওয়া হয়। আহিরওয়ারের আক্ষেপ, জীবদ্দশায় না হোক, মৃত্যুর পর অন্তত মর্যাদার শেষকৃত্য কাম্য। আমি অত্যন্ত ব্যথিত। শববাহী গাড়ি না থাকার অভিযোগ স্বীকার করে নিয়েছেন হাসপাতালের আধিকারিকরা। ব্লক মেডিকেল অফিসার হেমন্ত মারাইয়া বলেন, জেলাস্তরের মিটিংয়ে আমরা বহুবার এই বিষয়টি জানিয়েছি। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়নি। আমাদের কাছে শববাহী গাড়ি নেই। তাই নগর পরিষদের সহায়তা নিতে হয়। জেলা স্বাস্থ্য সোসাইটির সম্প্রতিক বৈঠকেও আমরা শববাহী গাড়ির জন্য আরজি জানাই। আশা করি সুরাহা হবে। ছাতারপুর জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ