পর পর গাড়িতে ধাক্কা মেরে হাইকোর্টের সামনে ডিভাইডারে লেগে থামল বাস, এরপরে...
  • ২৭ অক্টোবর, ২০২৬ ১৮:৪৮
Prefer us on Google

চেন্নাই, ২৭ অক্টোবর: কাজের দিন। ব্যস্ত রাস্তায় বড়সড় দুর্ঘটনা! একটার পর একটা গাড়িতে ধাক্কা মারল সরকারি বাস। ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা, এমনটাই পুলিশ সূত্রের খবর। মাদ্রাজ হাইকোর্টের সামনে এই ঘটনায় যদিও কোনো হতাহতের খবর নেই। তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সরকারি বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে। 

Advertisement

১০৯এ রুটের এই সিটি বাসটি যে গাড়িগুলিতে ধাক্কা মেরেছে সবকটিই হাইকোর্টে কর্মরত আইনজীবীদের, বলেই সূত্রের খবর। তবে দুর্ঘটনার কারণ জানতে চালক এবং কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। তবে হঠাৎ গাড়ির ব্রেক ফেল কী ভাবে হল? আগে থেকেই সমস্যা ছিল কি? নাকি সেদিন হঠাৎ বিকল হয়ে যায় বাসটি? এছাড়াও যদি আগে থেকেই সমস্যা থেকেই থাকে, তাহলে এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হল না? প্রশ্ন উঠছেই। তদন্তও শুরু করেছে পুলিশ।

ভয়ঙ্কর সেই মুহূর্তের কথা এক প্রত্যক্ষদর্শী জানান। তিনি বলেন, হঠাৎ সবাই চিৎকার করে উঠল। দেখলাম একটা বাস পার্কিংয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মেরে সোজা ডিভাইডারে লেগে থামল। কয়েকজন মহিলা কোনোমতে রক্ষা পেয়েছেন। এই ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করেন হাইকোর্টের আইনজীবীরা এবং সেখানে যানজট এড়াতে দাবি করেন একটি বহুতল পার্কিং ব্যবস্থারও।