Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়ায় পুরসভা ভোটের ঢাকে কাঠি, ৬৮ ওয়ার্ডেই ‘চার্জশিট’ তৈরির প্রস্তুতি বিজেপির

পুরভোটের ঢাকে কাঠি পড়তেই হাওড়ায় ঘর গোছাতে শুরু করল বিজেপি। কলকাতা পুরভোটের প্রস্তুতির ধাঁচেই এবার হাওড়ার ৬৮টি ওয়ার্ডকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়ল গেরুয়া শিবির।

হাওড়ায় পুরসভা ভোটের ঢাকে কাঠি, ৬৮ ওয়ার্ডেই ‘চার্জশিট’ তৈরির প্রস্তুতি বিজেপির
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুরভোটের ঢাকে কাঠি পড়তেই হাওড়ায় ঘর গোছাতে শুরু করল বিজেপি। কলকাতা পুরভোটের প্রস্তুতির ধাঁচেই এবার হাওড়ার ৬৮টি ওয়ার্ডকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়ল গেরুয়া শিবির। সোমবার হাওড়া ময়দানের মেডিকেল হলে দলের সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন পুরভোটের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। বৈঠকে মন্ত্রী উমেশ রাই, বিধায়ক রুদ্রনীল ঘোষ ও সঞ্জয় সিং, হাওড়া সদর জেলার সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ দলের নেতারা এবং প্রতিটি মণ্ডলের সভাপতিরা উপস্থিত ছিলেন।

Advertisement

এই বৈঠকে পুরভোটের প্রস্তুতিতে বড়োসড়ো রূপরেখা বেঁধে দেয় বিজেপি। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিটি তথা নির্বাচনি কমিটি গঠনের পাশাপাশি দ্রুত প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। ভোটের প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে, সে বিষয়েও সতর্ক করা হয়েছে নেতৃত্বকে। একইসঙ্গে ৬৮টি ওয়ার্ডের প্রতিটির জন্য আলাদা ‘চার্জশিট’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে দল। বিজেপির দাবি, তৃণমূল ও বাম আমলে কোন ওয়ার্ডে কী কাজ হয়নি, নাগরিক পরিষেবার কোথায় ঘাটতি রয়েছে, তার হিসাব তুলে ধরা হবে ওই চার্জশিটে। এদিন সাংবাদিক বৈঠকে রাহুলের নিশানায় ছিল তৃণমূল ও সিপিএম। তাঁর অভিযোগ, ২০১৮ সাল থেকে ভোট না হওয়ায় হাওড়ার নাগরিকরা নিজেদের মত প্রকাশের সুযোগ পাননি। এবার পুরভোটে জিতে হাওড়াতেও ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার গড়ার ডাক দেন তিনি। তাঁর দাবি, তাতে উন্নয়নও ‘ট্রিপল গতিতে’ হবে। একইসঙ্গে স্বচ্ছ ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে, এমন ‘কাজের মানুষকে’ প্রার্থী করা হবে বলে জানান তিনি।
শুধু দলের ইস্তাহার নয়, হাওড়ার বিশিষ্ট নাগরিকদের মতামত নিয়ে তৈরি হবে ‘সংকল্পপত্র’। সেই সংকল্পপত্র নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাবেন বিজেপি কর্মীরা। পুরভোটে কোনো দলের সঙ্গে জোটের সম্ভাবনা খারিজ করেছেন রাহুল। মেয়র কে হবেন, তা ভোটের আগে নয়, পরে দলই ঠিক করবে বলে জানান তিনি। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সিপিএমের আদালতে যাওয়ার হুঁশিয়ারিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, ‘সিপিএম মানুষের আদালতে যেতে ভয় পাচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ