রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫
  • ৯ অক্টোবর, ২০২৬ ১৩:৪৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : সূর্যের আলো ফোঁটার আগেই জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মালদহগামী মুরগি বোঝাই একটি ছোট লরি ধাক্কা মারে একটি ট্রেলারের পিছনে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ভিটি এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, ভোরবেলা মুরগি বোঝাই একটি ছোট লরি মালদহের দিকে যাচ্ছিল। রায়গঞ্জ শহর লাগোয়া ভিটি এলাকায় আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসেন। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তাঁরা । তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা আসতেই উদ্ধারকাজে গতি আসে। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে সবাইকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। প্রত্যেকেই মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা।

কোচবিহারের দিক থেকে আসা মুরগি বোঝাই লরিটির চালক কোনোভাবে ঘুমিয়ে পড়েছিলেন। আর তাতেই দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে বলে অনুমান পুলিশের। এত জোরে এই দুর্ঘটনাটি ঘটেছে যে লরিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।