নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যে বেহাল দলীয় সংগঠন। অথচ কার্যত দোরগোড়ায় উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। আগামী বছরই রাজ্যে ভোট। অথচ বঙ্গ বিজেপির নির্বাচনী প্রস্তুতি পড়ে রয়েছে সেই তিমিরেই। বাংলার ছাব্বিশের ভোটকে মাথায় রেখে উল্লেখযোগ্য কোনও রণকৌশল এখনও পর্যন্ত নিতে পারেননি রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এহেন পরিপ্রেক্ষিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের একটি অংশ চাইছে, সংগঠনের হাল বুঝতে একবার অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করুন দলের শীর্ষ নেতারা। তাঁর কাছ থেকে উপযুক্ত পরামর্শ নিয়ে সেইমতো বাংলায় ভোটযুদ্ধের প্রস্তুতিতে পদক্ষেপ করা হোক। শুধুমাত্র রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশই নন। এমন চাইছেন বাংলার বিজেপি সাংসদদের একটি বড় অংশও। যদিও বিজেপি সূত্রে জানানো হয়েছে, নেতৃত্বের একাংশ চাইছেন ঠিকই। কিন্তু এখনও পর্যন্ত মোদির সঙ্গে সাক্ষাতের কোনও সম্ভাবনা নেই বাংলার গেরুয়া শিবিরের। অন্তত সংসদের চলতি বাজেট অধিবেশনে এধরনের কোনও বৈঠকের কোনও পরিকল্পনা করা হচ্ছে না। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে কোনও আবেদন আমরা জমা দিইনি। সেই পরিকল্পনা এখনও পর্যন্ত নেই।



