Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বামেদের মিছিলে উত্তেজনা, অটোচালককে ব্যাপক মার

কালীগঞ্জের নাবালিকার মৃত্যুর প্রতিবাদে বুধবার রাতে পানিহাটিতে বামেদের একটি প্রতিবাদ মিছিল হয়। কিন্তু সেই মিছিলের মধ্যে একটি অটো ঢুকে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।

বামেদের মিছিলে উত্তেজনা, অটোচালককে ব্যাপক মার
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কালীগঞ্জের নাবালিকার মৃত্যুর প্রতিবাদে বুধবার রাতে পানিহাটিতে বামেদের একটি প্রতিবাদ মিছিল হয়। কিন্তু সেই মিছিলের মধ্যে একটি অটো ঢুকে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এনিয়ে অটোচালককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা তৃণমূল কর্মী, সমর্থকরা সিপিএমের পার্টি অফিস ঘিরে বিক্ষোভ দেখান। পরে খড়দহ থানার পুলিস ও র‌্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটির পানশিলা এলাকায় এসএফআই ও ডিওয়াইএফআইয়ের ডাকে মিছিল চলছিল। তখন একটি অটো রাস্তা দিয়ে যাওয়ার সময় সকলকে সরতে বলে। এনিয়ে বচসার সময় অটোচালককে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর অটোও ভেঙে দেওয়া হয়। খবর পেয়ে অটো ইউনিয়ন ও তৃণমূল কর্মীরা পানশিলার সিপিএম কার্যালয় ঘিরে ফেলেন। পরে পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। মিঠুন চন্দ নামের ওই অটোচালক খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
সিপিএমের জেলা কমিটির সদস্য শুভব্রত চক্রবর্তী বলেন, গত কয়েক মাস ধরে মিছিলের মধ্যে অটো ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। কাঁচকল মোড়, এসবি টাউন, পানশিলায় পরপর এই ঘটনা ঘটছে। পুলিসই মিছিলের অনুমতি দিয়েছে। তারপরও মিছিলের মধ্যে অটো ঢুকছে কীভাবে? অটোচালকদের দাবি নিয়ে আমরাই লড়াই করি। কিন্তু পানিহাটিতে পুলিস ও তৃণমূল সেই অটোচালকদের ঢাল করে মিছিলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তবে পানিহাটি শহর তৃণমূল সভাপতি (উত্তর) সুভাষ চক্রবর্তী বলেন, হার্মাদ সিপিএম পুরনো অভ্যাস ভুলতে পারছে না। অটোচালকও তাঁদের হাতে আক্রান্ত হচ্ছেন। আমরা চাই পুলিস আইনানুগ পদক্ষেপ নিক।

সম্পর্কিত সংবাদ