তেহরান: বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে ইজরায়েল। তেল আভিভকে পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। এই কঠিন পরিস্থিতিতে ইরানের বিভিন্ন শহরে আটকে রয়েছেন কয়েক হাজার ভারতীয়। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকাজে সাহায্যের আর্জিও জানানো হয়। কেন্দ্রের এই প্রস্তাবে সায় দিল তেহরান। সোমবার তারা জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকলেও সব সীমান্ত খুলে দেওয়া হয়েছে। সেখান দিয়েই নিরাপদে দেশ ছাড়তে পারবেন ভারতীয়রা। বিবৃতি দিয়ে ইরান জানিয়েছে, ‘দেশের সব বিমানবন্দর বর্তমানে বন্ধ রয়েছে। বিভিন্ন দেশ কূটনীতিক ও সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আর্জি জানিয়েছে। সেকথা মাথায় রেখে আমরা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’ উদ্ধারকাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্বয়ং ইরানের বিদেশমন্ত্রী।



