Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আজ সিরিজ জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার

কখনো কখনো ডাল-ভাতের মধ্যেও খুঁজতে হয় বিরিয়ানির স্বাদ! টিম ইন্ডিয়ার অবস্থা সেরকমই।

আজ সিরিজ জয়ের সুযোগ টিম ইন্ডিয়ার
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হারারে: কখনো কখনো ডাল-ভাতের মধ্যেও খুঁজতে হয় বিরিয়ানির স্বাদ! টিম ইন্ডিয়ার অবস্থা সেরকমই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ এবং ইংল্যান্ড সফরে দুই ফরম্যাটেই মুখ থুবড়ে পড়ার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় শ্রেয়স আয়ারদের কাছে হয়ে উঠতে পারে পরম তৃপ্তির উপাদান। তিন ম্যাচের লড়াইয়ে ইতিমধ্যে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে। শনিবার জিততে পারলে সিরিজ নিশ্চিত। শ্রেয়স বাহিনী এখন বড়ো আশা নিয়ে সেদিকে তাকিয়ে। খাতায়-কলমে দুই দলের মধ্যে ফারাক বিস্তর। তাই শুধু ভারতের সিরিজ জয় নয়, হারারে স্পোর্টস ক্লাবের মাঠে জিম্বাবোয়ের ধবল ধোলাইয়ের সাক্ষী থাকার সুযোগ তৈরি হতে পারে। 

Advertisement

প্রথম ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে বৈভব সূর্যবংশী। পিছনে ফেলেছে শচীন তেন্ডুলকরকে। সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ১৬ বছর ২১৩ দিনে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেখানে বৈভবের বয়স ১৫ বছর ১১৮ দিন। এমনিতেই এই বাঁ-হাতিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরচ্ছে বিহারের তরুণ তুর্কি। দ্বিতীয় ম্যাচেও ফোকাস থাকবে বৈভবের উপর। ওপেনিংয়ে তার সঙ্গী অভিষেক শর্মা। ছন্দে আছেন ঈশান কিষান, শ্রেয়স আয়ারও। পরের দিকে নামবেন তিলক ভার্মা, রিঙ্কু সিং।
হারারে স্পোর্টস ক্লাবের পিচে পেসাররা সুবিধা পাচ্ছেন। গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মায়াঙ্ক যাদব। তাঁর সঙ্গী হবেন অশোক শর্মা, প্রিন্স যাদব ও শিবম দুবে। একমাত্র স্পিনার হিসাবে খেলতে পারেন রবি বিষ্ণোই। 
 ম্যাচ শুরু বিকেল ৪-৩০ মিনিটে। ইউনাইট স্পোর্টসে সরাসরি সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ