Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তদন্তের দিনই স্কুল পরিদর্শনে বিধায়ক, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

তদন্তের দিনই স্কুল পরিদর্শনে বিধায়ক, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: নিউ ফরাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষককে মারধর কাণ্ডের তদন্তের দিনই বিধায়কের স্কুলে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন আক্রান্ত শিক্ষক। মঙ্গলবার স্কুলে শিক্ষা দপ্তরের আধিকারিক পরিদর্শন যান। পাশাপাশি একই দিনে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামও স্কুল পরিদর্শনে যান। তাঁকে না জানিয়ে বিধায়কের স্কুলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত প্রধান শিক্ষক। সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে কটাক্ষও করেন তিনি। আক্রান্ত শিক্ষকের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও প্রধান শিক্ষকের তোলা প্রশ্ন নিয়ে মাথা ঘামাচ্ছেন না বিধায়ক। বিধায়ক বলেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে কী ঘটেছে তা জানার জন্য আমার সেখানে যাওয়ার অধিকার রয়েছে। আমি গিয়ে সকলের সঙ্গে কথা বলেছি। শিক্ষাঙ্গন যাতে সুষ্ঠুভাবে চলে সেটা দেখা আমার কর্তব্য।
Advertisement
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং চলাকালীন ক্লাস রুটিন নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের মতবিরোধ হয়। তা নিয়ে বচসা শুরু হয়। তারপর প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। লোহার রড দিয়ে মেরে ওই প্রধান শিক্ষকের বাঁ পা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে ওই প্রধান শিক্ষক মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, এদিন সকালেই আক্রান্ত প্রধান শিক্ষক বিধায়ক মনিরুল ইসলামের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষাদপ্তরের আধিকারিকদের স্কুল পরিদর্শনের দিনই বিধায়কের স্কুলে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন আক্রান্ত শিক্ষক। সংবাদ মাধ্যমের কাছে বিধায়কের করা মন্তব্যকে তিনি নাটক বলে কটাক্ষ করেন। স্কুলের শিক্ষকদের একাংশ ও কিছু ছাত্রছাত্রীকে হাজির করে এক তরফা কথা বলেছেন বিধায়ক বলে প্রধান শিক্ষকের দাবি। 
মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষাদপ্তরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিউ ফরাক্কা হাইস্কুল পরিদর্শনে যান। ওইদিন স্কুলে কী ঘটেছিল সে বিষয়ে শিক্ষকদের কাছে বিস্তারিত জানতে চান তাঁরা। তারপর শিক্ষকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এদিকে বুধবার বিকেলে সঠিক তদন্ত ও সুরাহার দাবিতে জঙ্গিপুর মহকুমা শাসককে ডেপুটেশন দেয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। সমিতির সদস্যরা মহকুমা শাসকের অফিসের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ