Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তবলা শিক্ষককে খুনে অভিযুক্ত রাহুলের বিরুদ্ধে আরও একটি খুনের মামলা রুজু

তবলা শিক্ষককে খুনে অভিযুক্ত রাহুলের বিরুদ্ধে আরও একটি খুনের মামলা রুজু
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালির তবলা শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় ধৃত সিরিয়াল কিলার রাহুল জাঠের বিরুদ্ধে আরও একটি খুনের মামলা রুজু করল গুজরাত পুলিস। ভদোদরায় ট্রেনের এক সহযাত্রীকে সে খুন করে টাকাপয়সা লুট করে বলে অভিযোগ। সমস্ত তথ্যপ্রমাণ মেলার পরই  তার বিরুদ্ধে নতুন মামলা শুরু করা হয়েছে।
Advertisement
রাহুল জাঠকে জিজ্ঞাসাবাদ করে গুজরাত পুলিস জানতে পারে উদওয়াডা  স্টেশনের কাছে রেল লাইনে পড়ুয়া তরুণীকে খুন ও ধর্ষণের পর সে ট্রেন পাল্টে ভদোদরা পৌঁছয়। সেখান থেকে একাধিক ট্রেন বদলে চলে যায় কাটিহার। কাটিহার এক্সপ্রেসে সে তবলা শিক্ষককে খুন করে। কিন্তু ভদোদরা থেকে কাটিহার আসার আগে কাউকে খুন করেছে কি না, সেটাই জানার চেষ্টা করছিলেন তদন্তকারীরা। দীর্ঘ জেরায় অভিযুক্ত তদন্তকারীদের জানিয়েছে, সে যে ট্রেনে উঠেছিল তাতে ছিলেন এক বয়স্ক ব্যক্তি। বিশেষভাবে সক্ষমদের কামরায় সে ছিল। কামরা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ভদোদরা স্টেশন ছাড়ার পরই সে ওই ব্যক্তিকে খুন করে ট্রেন থেকে নেমে যায়। অন্য ট্রেন ধরে কাটিহার পৌঁছয়। এরপরই গুজরাত পুলিসের অফিসার রেলের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ভদোদরার পরের স্টেশনে ট্রেনের কামরায় একটি রক্তাক্ত দেহ মিলেছিল। সংশ্লিষ্টের নাম পরিচয় হাতে আসে। এরপরই আলাদা কেস রুজু হয়। এই মামলায় রাহুলকে হেফাজতে নেবে তদন্তকারীরা। লুট করা সামগ্রী সে কোথায় রেখেছে, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি খুনে ব্যবহৃত ছুরি অভিযুক্ত কোথায় ফেলে দিয়েছে, তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সম্পর্কিত সংবাদ