নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জমি-বাড়ির রেজিস্ট্রেশন করাতে গিয়ে আর ঘণ্টার পর ঘণ্টা রেজিস্ট্রি অফিসে বসে থাকতে হবে না। কারণ, রেজিস্ট্রেশনের জন্য আগে থেকে নির্দিষ্ট স্লট বুকিং করে রাখার প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই ক্রেতা-বিক্রেতা কবে এবং কখন রেজিস্ট্রেশন অফিসে গিয়ে সইসাবুদ করবেন, সেই স্লট বেছে নিতে পারবেন। আগে থেকে অফিসে গিয়ে বসে থাকতে হবে না। সেই সঙ্গে দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পর থেকেও রক্ষা পাবেন ক্রেতা-বিক্রেতারা। কিন্তু আগে থেকে সমস্ত ‘স্লট’ বুক হয়ে থাকলে কেউ একদিন বা কয়েক ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন করাতে চাইলে সমস্যা হতে পারে। সেই কথা মাথায় রেখে ‘তৎকাল রেজিস্ট্রেশন’-এর ব্যবস্থাও চালু করছে রাজ্য। এক্ষেত্রে আবেদন করার জন্য অর্থদপ্তরের অধীন জমি-বাড়ি রেজিস্ট্রেশন বিভাগের ওয়েবসাইটেই পৃথক লিংক থাকবে। সেখানে ক্লিক করে ‘তৎকালে রেজিস্ট্রি’র আবেদন করা যাবে। ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে স্লট। তবে এই পরিষেবার জন্য বাড়তি কোনো ফি নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য। ‘তৎকাল রেজিস্ট্রেশন’-এর বিষয়টি বোঝাতে পাসপোর্ট পরিষেবার উদাহরণ টেনে রাজ্যের এক আধিকারিক বলেন, ‘বহু ক্ষেত্রে দেখা যায়, আপৎকালীন কোনো পরিস্থিতিতে একদিনের মধ্যেই সম্পত্তি বিক্রির প্রয়োজন পড়ছে। ক্রেতাও ঠিক হয়ে গিয়েছে। কিন্তু পরের দিনের স্লট ফাঁকা নেই। সেক্ষেত্রে কাজে আসবে তৎকাল রেজিস্ট্রি পরিষেবা।’ সূত্রের খবর, আগামী দেড় মাসের মধ্যে ‘পাইলট প্রজেক্ট’ হিসাবে গড়িয়া এবং বিধাননগর এলাকায় অনলাইন স্লট বুকিং এবং ‘তৎকাল রেজিস্ট্রেশন’ চালু করবে রাজ্য। প্রশাসনিক সূত্রে খবর, দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে এই পরিষেবা চালু করার টার্গেট নেওয়া হয়েছে। আবেদন করা যাবে wb.registration.gov.in পোর্টাল থেকে।



