অভিনয় তো বটেই, নাচের পারফরম্যান্সেও নিজের দক্ষতা একাধিকবার প্রমাণ করেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। ফের নতুন পরীক্ষার মুখে তিনি। ২০১৮-র ক্রাইম থ্রিলার ‘রেইড’-এর সিক্যুয়েল ‘রেইড ২’-এ তামান্নার নাচ আকর্ষণীয় হবে বলে খবর। ‘স্ত্রী ২’ ছবিতে তামান্নার বিশেষ নাচের দৃশ্য ঝড় তুলেছিল। দর্শক মহলে বিপুল জনপ্রিয় হয় ‘আজ কি রাত’ গানটি। তারও আগে রজনীকান্তের ‘জেলার’ ছবিতেও ‘কাভালা’ গানেও নায়িকার নাচ প্রশংসিত। এবার নতুন চ্যালেঞ্জ। শোনা গিয়েছিল, ‘রেইড ২’-এর নাচের দৃশ্যে র্যাপার হানি সিংয়ের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। তবে তার সম্ভাবনা কম। সূত্রের খবর, সম্প্রতি মুম্বইতে নাচের দৃশ্যের শ্যুটিং সেরেছেন তামান্না। কয়েকদিন আগেই বিজয় ভর্মার সঙ্গে বিচ্ছেদ জল্পনার জেরে শিরোনামে উঠে এসেছিলেন নায়িকা। তবে ব্যক্তিগত জীবনের তুলনায় আপাতত কেরিয়ারেই ফোকাস করতে চান তিনি।



