নয়াদিল্লি: চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটল আফগানিস্তানের তালিবান সরকার। রবিবার নতুন করে সাংবাদিক বৈঠক করলেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। সেই বৈঠকে প্রথম সারিতেই দেখা গেল মহিলা সাংবাদিকদের। এক সপ্তাহের জন্য ভারত সফরে এসেছেন মুত্তাকি। গত শুক্রবার দিল্লির আফগান দূতাবাসে সাংবাদিক বৈঠক ডাকেন তিনি। কিন্তু সেখানে কোনও মহিলা সাংবাদিককে ডাকা হয়নি। আফগানিস্তানে মহিলাদের চলাফেরার বিষয়ে ‘কড়া’ নীতি নিয়ে চলে তালিবান সরকার। কিন্তু সেই নীতি ভারতেও কেন প্রযোজ্য হবে, তা নিয়ে শনিবার ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুত্তাকি। তালিবান সরকারের কার্যকলাপকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দেয় এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পস। মহিলাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও সরব হয় বিরোধীরা। তবে কেন্দ্র আগেই জানিয়ে দেয়, আফগান দূতাবাসের সাংবাদিক বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রকের কোনও ভূমিকা নেই। তার মধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নামল তালিবান সরকার।



