সংবাদদাতা, মেখলিগঞ্জ: যানজট সমস্যা মেটাতে শুক্রবার বিকেলে মেখলিগঞ্জ শহরে পুলিসকে নিয়ে অভিযানে নামে পুরসভা। পুলিস ও পুরসভার যৌথ অভিযানে এদিন আটক করা হয় ১৪টি টোটো। সম্প্রতি মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন প্রভাত পাটনী। দায়িত্ব পেয়েই তিনি অবশ্য এই সমস্যা মেটানোর বিষয়ে আশ্বাস দেন। প্রভাতবাবু এদিন বলেন, যানজট সমস্যা নিয়ে দিন কয়েক আগে পুলিস, প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে একটি বৈঠক করা হয়েছিল। সেখানে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই বিষয়ে পুরসভার তরফে মাইকিংও করা হয়েছে। এদিন যৌথভাবে ময়দানে নেমে সকলকে সচেতন করা হল। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার বলেন, ট্রাফিক আইন না মানার জন্য ১৪টি টোটো আটক করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে।