Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সংযুক্ত এলাকায় নিকাশি নিয়ে আজ রিভিউ বৈঠক ফিরহাদের

সংযুক্ত এলাকায় নিকাশি নিয়ে আজ রিভিউ বৈঠক ফিরহাদের
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর, নয়াবাদ, মুকুন্দপুর, বেহালা, ঠাকুরপুকুর, গড়িয়া সহ সংযুক্ত অঞ্চলের নিকাশি উন্নয়নের কাজ চলছে। কলকাতা পুরসভার আওতাধীন কেইআইআইপি প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সহযোগিতায় সেই কাজ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের এই কাজ নিয়ে আজ, সোমবার পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গত কয়েক বছর ধরে এই কাজ শেষের সময়সীমা বারবার পিছিয়েছে। ফলে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বাসিন্দাদের দুর্ভোগ লেগেই রয়েছে। আপাতত এই কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 
Advertisement
এই বৈঠকে ইএম বাইপাস সংলগ্ন কসবা, মুকুন্দপুর, নয়াবাদ, গরফা, কুঁদঘাট, পুঁটিয়ারি, গড়িয়া, গার্ডেনরিচ, বেহালা, ঠাকুরপুকুর এলাকার বরো (১১, ১২, ১৩, ১৪ ও ১৬ নম্বর) চেয়ারম্যানদেরও ডাকা হয়েছে। থাকবেন নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা। বর্তমানে বেহালার মহাত্মা গান্ধী রোডে চড়িয়াল খালের পাশে চলছে নিকাশি পাম্পিং স্টেশন তৈরির কাজ। বিবেকানন্দ রোডেও নিকাশি পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। এছাড়াও, কুঁদঘাট, পূর্ব ও পশ্চিম পুঁটিয়ারি, গড়িয়া সহ পুরসভার ১১১, ১১২, ১১৩ ও ১১৫ নম্বর ওয়ার্ডে নিকাশিনালা তৈরির কাজ চলছে। এছাড়াও, বড়িশার মতিলাল গুপ্ত রোডে কেইআইআইপি প্রকল্পের আওতায় কাজ চলছে। এক পুরকর্তা বলেন, কাজের অগ্রগতি নিয়ে সার্বিক পর্যালোচনা বৈঠক করবেন মেয়র। কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, থাকলে কোন পথে তার সমাধান সম্ভব, সবই উঠে আসবে আলোচনায়। বরো চেয়ারম্যানরাও তাঁদের মতামত দেবেন। নির্মাণকারী সংস্থার যদি কোনও অভিযোগ থাকে, তাও শোনা হবে। তবে, আগামী দিনে এই কাজে আর দেরি করা যাবে না। আগামী মার্চের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কেইআইআইপি প্রকল্পে এডিবির টাকায় তৃতীয় পর্যায়ের কাজ শুরুর সময় চলে এসেছে। 
সম্পর্কিত সংবাদ