নয়াদিল্লি, ১৫ সেপ্টম্বর: মোট চারটে এফআইআর দায়ের হয়েছিল। মামলায় যুক্ত হয় এসসি/এসটি আইন এবং পকসো আইনের একাধিক ধারা। তার পরেও অন্তর্বর্তী জামিন পেলেন স্বতন্ত্র ভরদ্বাজ। প্রকাশ্যে বুক ঠুকে যিনি দাবি করেছিলেন, যন্তরমন্তরে আন্দোলনকারী দলিত কিশোরীর বাবার মাথা মেরে ভেঙে দিয়েছি। আজ, মঙ্গলবার স্বতন্ত্রর তিন সপ্তাহের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির এক আদালত।
মামলার শুনানিতে দিল্লি পুলিশের কাছে আদালত জানতে চেয়েছিল, ২৩ জুন ঘটনার দিন স্বতন্ত্র জাত তুলে গালি দিয়েছিলেন কি-না। জবাবে পুলিশ জানায়, প্রাথমিক অভিযোগে এমন কোনো বিষয়ের উল্লেখ ছিল না। অভিযোগকারীর বয়ান ফের নথিভুক্ত করার সময় জাত তুলে গালাগালি দেওয়ার অভিযোগ করা হয়েছিল এবং সেই অনুযায়ী এসসি/এসটি আইনের সংশ্লিষ্ট ধারা যুক্ত করা হয় অভিযুক্ত স্বতন্ত্রের বিরুদ্ধে।
নিজের মক্কেলকে নির্দোষ বলে দাবি করেন অভিযুক্তের আইনজীবী। তিনি দাবি করেন, ২৩ জুন বিক্ষোভকারীদের হাতে আক্রন্ত হয়েছিলেন স্বতন্ত্র। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো সেই ভিডিও আদালতে পেশ করেন তিনি। সেই ভিডিও আদালতে চালানো হয়।
অন্যদিকে, অভিযুক্তের জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন অভিযোগকারীর আইনজীবী। তিনি বলেন, স্বতন্ত্রকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে এসসি/এসটি আইন এবং পকসো আইনে দায়ের মামলা আছে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া ভাইরাল হওয়া ওই ভিডিওর প্রসঙ্গও আদালতে উল্লেখ অভিযোগকারীর আইনজীবী। এখানে অভিযুক্ত স্বতন্ত্র ভরদ্বাজ অভিযোগকারীকে মারধরের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়।