নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: আগামী ২৯ অক্টোবর, বৃহস্পতিবার রায়গঞ্জ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম রায়গঞ্জ সফর। জেলায় এসে কর্ণজোড়ায় অডিটোরিয়োমে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। কর্ণজোড়াতেই তিস্তা প্রকল্পের পার্শ্ববর্তী ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই দুই কর্মসূচিকে ঘিরে উত্তর দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি বিজেপি তাঁদের দলীয় স্তরে ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে। কর্ণজোড়া হাইস্কুলের মাঠে তৈরী হচ্ছে হেলিপ্যাড। ওই স্কুল মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে অবতরণ করবে। সেখান থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন কয়েকশো মিটার দূরে অবস্থিত কর্ণজোড়া অডিটোরিয়ামে। সেখানে জেলার পদস্থ পুলিশ, প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। সোমবার থেকে জোরকদমে শুরু হয়েছে অডিটোরিয়াম সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ। যুদ্ধকালীন তৎপরতায় ভেঙে যাওয়া টাইলস বদলানোর কাজ চলছে। অন্যদিকে, কর্ণজোড়ার যে জায়গায় জনসভা হবে সেখানে মাঠে বিদ্যুৎ সংযোগ, মঞ্চ তৈরির জন্য মাপঝোঁকের কাজ শুরু হয়ে গিয়েছে।
মুখ্যমন্ত্রীর এই হাইভোল্টেজ সফরকে ঘিরে রবিবার এক প্রশাসনিক বৈঠক হয়। সোমবার বিকালে সরেজমিনে জনসভা স্থল পরিদর্শন করেন জেলাশাসক অভিজিৎ শেভালে, আইজি (নর্থবেঙ্গল রেঞ্জ) সুকেশ জৈন, ডিআইজি (রায়গঞ্জ রেঞ্জ) ডেভিড ইভান লেপচা, রায়গঞ্জের পুলিশ সুপার কুলদীপ সোনাওয়ানে, রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল, কালিয়াগঞ্জ ও হেমতাবাদের বিধায়ক যথাক্রমে উৎপল মহারাজ, হরিপদ বর্মণ। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্যরা। পরিদর্শনে তাঁরা খতিয়ে দেখেন কোথায়, কোথায় গাড়ি পার্কিং হবে, কোথায় নিরাপত্তার প্রয়োজন, সভামঞ্চের জায়গা সহ সামগ্রিক ব্যবস্থাপনা।
রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল বলেন, আগামী ২৯ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রায়গঞ্জে আসছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম জেলা সফর। স্বাভাবিক ভাবে আমাদের দলীয় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা রয়েছে। মুখ্যমন্ত্রী আসছেন। তাই প্রশাসনিক স্তরের সরকারি কর্মসূচি নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে। জেলাবাসী হিসাবে আমাদের অনুমান মুখ্যমন্ত্রী জেলার বেশ কিছু দাবিদাওয়া পূরণ করতে পারেন।



