চণ্ডীগড়, ৭ সেপ্টম্বর: অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে একাধিক সন্দেহজনক ড্রোনের গতিবিধি ঘিরে চাঞ্চল্য ছড়াল রবিবার। নিরাপত্তার স্বার্থে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রাখা হয় বিমান চলাচল। পরিস্থিতির জেরে সাতটি বিমানকে দিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে দুটি আন্তর্জাতিক বিমানও ছিল।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১০টা নাগাদ বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকায় ড্রোনের মতো কয়েকটি উড়ন্ত বস্তুর গতিবিধি নজরে আসে। বিষয়টি ধরা পড়ার পরই বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পঞ্জাব পুলিশ-সহ কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে খবর দেওয়া হয়। শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরের এক আধিকারিক জানান, 'বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকাতেই একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট সমস্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল'।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিমান চলাচল ফের শুরু হয়। তবে তার আগেই নিরাপত্তার কারণে সাতটি বিমানকে দিল্লিতে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ঘুরিয়ে দেওয়া বিমানগুলির মধ্যে মালয়েশিয়া এয়ারলাইন্স, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়ার বিমান ছিল বলে জানা গিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক ড্রোনগুলির গতিবিধি বিশেষ করে রানওয়ের কাছাকাছি এলাকায় লক্ষ্য করা হয়েছিল। ঘটনার পর বিমানবন্দর চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সন্দেহজনক ড্রোনগুলি কোথা থেকে এসেছিল এবং বিমানবন্দর এলাকার কাছে সেগুলি কেন উড়ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।