নয়াদিল্লি: আর পাঁচটা দিনের মতোই সকালে প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে জরুরি শুনানির আরজি সংক্রান্ত মামলাগুলির উল্লেখ শুরু করেছেন আইনজীবীরা। লাইভ স্ট্রিমিং চলছে। আচমকাই ছন্দপতন। আচমকাই লাইভ স্ট্রিমিংয়ের অডিও কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হল। ফলে বুধবার আইনজীবীরা নতুন কোন কোন মামলা জরুরি শুনানি চেয়ে আর্জি জানালেন, তা নিয়ে আদালত কী বলল— জনসাধারণ ও সংবাদ মাধ্যমের কাছে সবটাই ‘নীরব’ থেকে গেল। ঘটনাচক্রে, সম্প্রতি প্রধান বিচারপতির কাছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা উত্থাপন করা হয়েছে এবং ওই মামলাগুলি আনুষ্ঠানিকভাবে শুনানি হওয়ার আগেই সেই বিষয়ে আলাপচারিতার সময় আদালতের মন্তব্যগুলি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সেই তালিকাতেই রয়েছে প্রতিবাদী পড়ুয়াদের উপর দিল্লি পুলিশের বর্বরতার অভিযোগ সংক্রান্ত মামলার উল্লেখ। লিস্টিং চলার সময় পুলিশের লাঠিচার্জের ভিডিয়ো দেখার অনুরোধ প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য ছিল, আমাদের সময় নষ্ট করবেন না। সেই নিয়ে শোরগোল পড়ে যায়। ক্ষুব্ধ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, জরুরি মামলার আর্জি সংক্রান্ত উল্লেখ বিচার প্রক্রিয়ার অংশ নয়, সেটি প্রশাসনিক বিষয়। ফলে এসব নিয়ে খবর হওয়া উচিত নয়। তাঁর আরও অনুযোগ ছিল, মন্তব্যের ভুল উপস্থাপন চলছে। সেই আবহেই এবার মামলাগুলির আর্জেন্ট লিস্টিং প্রক্রিয়া চলার অডিয়ো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।



