এসআইআর নথি যাচাইয়ে এবার ওড়িশা-ঝাড়খণ্ডের বিচারবিভাগীয় অফিসার নিয়োগের সুপ্রিম নির্দেশ
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৪ ফ্রেব্রুয়ারি: পশ্চিমবঙ্গে এসআইআরে লজিক্যাল ডিসক্রিপেন্সির জটিলতা দ্রুত মেটাতে প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ডের বিচারবিভাগীয় অফিসার নিয়োগ করতে হবে। মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির একটি রিপোর্ট জমা পড়ে শীর্ষ আদালতে। চিঠিতে তিনি জানান, এসআইআরের নথি যাচাই ও নিষ্পত্তির জন্য ইতিমধ্যে ২৫০ জন বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করার হয়েছে। তার পরেও গোটা কাজে ৮০ দিন পর্যন্ত লেগে যেতে পারে। যার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পড়শি দুই রাজ্যের বিচার বিভাগীয় অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়া অন্তত তিন বছরের অভিজ্ঞতা আছে, এমন বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করা যাবে  বলেও জানিয়েছে আদালত।

Advertisement

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলে এর আগেই জানিয়েছিল আদালত। এই তারিখ অপরিবর্তিত থাকছে বলে এদিন আরও একবার স্পষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তবে লজিক্যাল ডিসক্রিপেন্সির সমাধানের ভিত্তিতে কমিশনকে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবে। গত ১৪ ফেব্রুয়ারির মধ্যে যে নথিগুলি সমস্যায় পড়া ভোটার জমা দিয়েছিলেন, সেগুলি বিবেচনার জন্য গ্রাহ্য হবে।