নয়াদিল্লি, ১৬ অক্টোবর: আশঙ্কাই সত্যি হল। আজ, শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার বিস্তারিত শুনানি হল না। আগামী ২৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির তারিখ স্থির হয়েছে। গত ১৯ আগস্ট বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে মামলটির শেষ শুনানি হয়েছিল।
গত শুনানির সময় শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, ইন্দু মালহোত্রা কমিটি পুরো বিষয়টির উপর সব পক্ষকে নিয়ে বৈঠক করে আদালতের কাছে একটি রিপোর্ট পেশ করবে। তার জন্য ৮ সপ্তাহ সময় দেওয়া হয়। কিন্তু মালহোত্রা কমিটি এখনো কোনো বৈঠক করে উঠতে পারেনি। ১২ সেপ্টেম্বর বৈঠকের দিন নির্ধারণ করা হলেও শেষ সময়ে তা বাতিল হয়ে যায়।
সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ’র বিষয়টি পর্যালোচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে বিশেষ কমিটি তৈরি করা হয়। গ্রান্ট ইন এইড প্রতিষ্ঠানগুলির কর্মী ও অবসরপ্রাপ্তরা এখনো বকেয়া ডিএ পাননি। সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে কিছু অভিযোগ আছে।



